নিজস্ব প্রতিনিধিঃ সামনেই দুর্গাপুজো। ওই সময় হাজার হাজার ভক্ত বেলুড় মঠে ভিড় জমান। কিন্তু তারআগেই ঘটল বিপত্তি। আচমকাই কোন নোটিশ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে কর্মবিরতিতে নেমেছেন বেলুড় মঠ জেটি ঘাটের জলসাথী কর্মীরা। রবিবার সকাল থেকেই মিলছে না লঞ্চ পরিষেবা। বন্ধ হয়ে গিয়েছে লঞ্চঘাটে মূল গেট এবং টিকিট কাউন্টার।
তাতেই বিপাকের মধ্যে পড়েছে আমজনতারা। আগে থেকে না জানতে পারায় এদিন বহু মানুষকেই লঞ্চ ঘাট থেকে ফিরে যেতে হচ্ছে। বলা বাহুল্য, বহু মানুষ পুজোর সময় বেলুড় মঠে দুর্গাপুজো দেখতে আসেন। আর এই সময় লঞ্চ না পাওয়ায় পড়তে হচ্ছে চিন্তায়।
কী কারণে কর্মবিরতির ডাক দিয়েছে জলসাথী কর্মীরা? তাদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা বঞ্চনার শিকার। পুজোর সময় মেলেনি বোনাস। শুধু তাই নয় চাকরিতে তাঁদের স্থায়ীকরণ করেনি কর্তৃপক্ষ। তাই তাদের দাবি না মেটা পর্যন্ত চলবে এই কর্মবিরতি। কবে থেকে ফের খুলবে বেলুড় মঠের জেটি ঘাট তা কার্যত অধরাই । বলা বাহুল্য, দুর্গাপুজোর সময় জেটি ঘাট না খোলা থাকলে চাপ বাড়বে বেলুড় মঠে আসা ভক্তদের। তাই যত দ্রুত সম্ভব এই সমস্যা যাতে দূর হয় এমনটাই চাইছেন আমজনতারা।