নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে হবে বলে সব ঠিকঠাক। আংটি পড়িয়ে আর্শীবাদও হয়ে গিয়েছে । খবর পেয়েই নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন । জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার পাত্র পক্ষ বিয়ে করবে বলে বোলপুরের সিঙ্গি অঞ্চলের এক নাবালিকার হাতে আংটি পড়িয়ে দেয়। খবর পাওয়ার পরেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ।
বুধবার নাবালিকার আর্শীবাদ করার খবর রাতেই পৌছে যায় প্রশাসনের কানে। বৃহষ্পতিবার বোলপুর থানার পুলিশ কে সঙ্গে নিয়ে সিঙ্গি অঞ্চলে যান জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও এক্সেস টু জাষ্টিস ফর চিলড্রেনের প্রতিনিধিরা। আর তাদের যাওয়াতেই আটকাল নাবালিকার বিয়ে। এই প্রসঙ্গে ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দীন আহমেদ জানান, ‘ ওই নাবালিকা সঙ্গে এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল । সে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার বাসিন্দা । বুধবার সোনার আংটি দিয়ে নাবালিকাকে আশীর্বাদ করা হয় । এই খবর পাওয়া মাত্রই আমরা অভিযানে নেমে নাবালিকার বিয়ে বন্ধ করি ।‘
জানা গিয়েছে, নাবালিকার বাবা নেই। অনেক দিন আগেই তিনি মারা গিয়েছেন। তাই প্রশাসনের তরফ থেকে নাবালিকার মায়ের কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়েছে, উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেওয়া যাবে না। বলা বাহুল্য, বীরভূম জেলায় দিন দিন বাড়ছে নাবালিকা কন্যার বিয়ে । সেইসঙ্গে গর্ভবতী হওয়ার ঘটনা । আর তাতে বেশ উদ্বিগ্ন প্রশাসন ।