নিজস্ব প্রতিনিধি : বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুর মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশু-সহ ১০ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকসার মেলা থেকে রাজারহাট ফেরার পথে একটি অটোর সঙ্গে একটি প্রাইভেট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।প্রাইভেট গাড়িটির সামনের চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং অটোটিকে সজোরে ধাক্কা মারেন। ঘটনায় অটোতে থাকা যাত্রীদের মধ্যে শিশু-সহ ১০ জন গুরুতর আহত হন। সংঘর্ষের ফলে অটোটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে পাঠায়। সেখান থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ ও চন্দনেশ্বর থানার পুলিশ। ঘটনাটি কীভাবে ঘটল নাকি অন্য কোন রহস্য লুকিয়ে তাও খতিয়ে দেখছে পুলিশ।
আহত অটোচালক জানিয়েছেন, ‘আমি রাজারহাট রাজবাড়ি থেকে শাকসারের মেলার দিকে আসছিলাম। চারচাকাটি এসে আমার অটোকে পুরো উড়িয়ে দিয়েছে।’ তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই ক্ষেত্রে গাড়ির চালকের কোনও দোষ ছিল না। আচমকা গাড়িটির সামনের একটি টায়ার ফেটে যাওয়ায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ ও ধাক্কা মারেন অটো রিক্সাটিতে।