নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে শুধু জয়ই হাসিল করলেন না শ্রেয়স আইয়াররা, পয়েন্ট টেবিলে গুজরাত টাইটান্সকে সরিয়ে দ্বিতীয়স্থানে উঠে এলেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান তুলেছিল আরসিবি। জবাবে ১১ বল বাকি থাকতেই অর্থাৎ ১২.১ ওভারে পাঁচ উইকেট হারিয়েই জয় হাসিল করে পঞ্জাব কিংস।
হতচ্ছাড়া বৃষ্টির কারণে এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে ঠিক সময়ে ম্যাচ শুরু হতে পারেনি। রাত নয়টার পর আউটফিল্ড পরিদর্শন শেষে দুই আম্পায়ার সিদ্ধান্ত নেন, ম্যাচ হবে। তবে ওভার কমে ১৪ করা হয়। টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু শুরুতেই ঘরের মাঠে মহা বিপর্যয়ের মুখোমুখি হয় বেঙ্গালুরু। আর্শদীপ সিংহের বলে প্রথম ওভারে ফিরে যান ফিল সল্ট (৪)। যার উপরে বেঙ্গালুরুর সমর্থকরা বড় ভরসা করে ছিলেন সেই বিরাট কোহলি (১) আর্শদীপের বলে ফেরেন। এর পর শুরু হয় ‘আসা-যাওয়ার’ খেলা। পঞ্জাবের বোলারদের আগুনে বোলিংয়ের সামনে টিকতে পারেননি লিয়াম লিভিংস্টোন (৪), জিতেশ শর্মা (২), ক্রুণাল পাণ্ড্যরা (১)। বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তেমন সফল হননি। তিনি ফেরেন ২১ রান করে। ফের তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বেঙ্গালুরুর নিচের সারির ব্যাটিং অর্ডার। মনোজ ভাংড়াগে (১), ভুবনেশ্বর কুমার (৮) ও যশ দয়ালরা প্রতিযোগিতায় নেমেছিলেন কত তাড়াতাড়ি সাজঘরে ফেরা যায়। ৬৩ রানেই ৯ উইকেট খোয়ায় বেঙ্গালুরু। তখনই একা কুম্ভ হয়ে দাঁড়িয়ে পঞ্জাবের বোলারদের উল্টো শাসন করেন টিম ডেভিড। মূলত তাঁর বিধ্বংসী ব্যাটিংয়েই শেষ পর্যন্ত নির্ধারিত ১৪ ওভারে ৯৫ রানে পৌঁছয় আরসিবি। ২৬ বলে ৫টি চার ও তিনটি ছক্কায় অর্ধশতরান করে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার। পঞ্জাবের পক্ষে আর্শদীপ সিংহ, হরপ্রীত ব্রার, মার্কো জানসেন ও জেভিয়ার বার্টলেট ২টি করে উইকেট ঝুলিতে পোরেন।
জয়ের জন্য ৯৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ধীর-স্থির ভাবে খেলতে থাকেন পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ। তৃতীয় ওভারে প্রভসিমরানকে (৯ বলে ১৩) ফিরিয়ে পঞ্জাবকে ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। পরের ওভারে জস হেজলউডের বলে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন প্রিয়াংশ আর্য (১৬)। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে সাত ওভারেই দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার ও জস ইংলিস। কিন্তু অষ্টম ওভারে বল করতে এসে জোড়া ধাক্কা দেন হেজলউড। চতুর্থ বলে ফেরান শ্রেয়সকে (৭)। শেষ বলে সাজঘরের পথ দেখান স্বদেশীয় ইংলিসকে (১৪)। হেজলউড। কিন্তু বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের এক ভুল সিদ্ধান্তে ম্যাচ হাতের বাইরে চলে যায়। ৯ ও ১১তম ওভারে বল তুল দেন সূয়শ শর্মার হাতে। আর তিনি অকাতরে রান খরচচ করে যান। তার দুই ওভার ২৫ রান তুলে দলকে জয়ের পথে নিয়ে যান নেহাল ওয়াধেরা। যদিও ১২ তম ওভারে এসে শশাঙ্ককে (১) ফেরান ভুবনেশ্বর কুমার। কিন্তু কোন-ও লাভ হয়নি। ওয়াধেরা তাঁর চওড়া ব্যাটে ১১ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন। তিনি অপরাজিত থাকেন ১৯ বলে ৩৩ রানে। বেঙ্গালুরুর হয়ে জস হেজলউড ওভারে ১৪ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন।