নিজস্ব প্রতিনিধি : সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নেলসনে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আগেই সিরিজ হেরে বসা লঙ্কানদের জন্য ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। সেই ম্যাচেই সেঞ্চুরি করলেন পেরেরা। তাঁর সেঞ্চুরিতে ‘হাই স্কোরিং থ্রিলারে’ ৭ রানের রুদ্ধশ্বাস জয় পায় লঙ্কানরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ পর্যন্ত নিউজিল্যান্ড জিতে নিল ২-১ ব্যবধানে।
শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৫০ বলের কমে সেঞ্চুরি পেয়েছেন কুশল পেরেরা।২ হাজার রানের মাইলফলকেও প্রথম তিনি। ২০০৬ সালের পর নিউজিল্যান্ডে মাটিতে টি-টোয়েন্টিতে এটি শ্রীলঙ্কার প্রথম জয়।
৪৪ বল সেঞ্চুরি করেছেন কুশল পেরেরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরিটি তাঁকে এই সংস্করণে শ্রীলঙ্কার দ্রুততম সেঞ্চুরিয়ান বানিয়ে দিয়েছে। কুশল পেরেরা ভাঙলেন তিলকরত্নে দিলশানের রেকর্ড। ২০১১ সালে পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ বলে সেঞ্চুরি করেছিলেন দিলশান।
১৮তম ওভারে জ্যাকব ডাফিকে পিটিয়ে লঙ্কানরা নেয় ২৩ রান। যার মধ্যে পেরেরার একার রানই ২২। সেই ওভারে তিন ছক্কা মারেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার। তিন অঙ্ক পেরেরা ছুঁয়েছেন ওভারের শেষ বলে কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে। সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৪৪ বল। শ্রীলঙ্কার তৃতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন পেরেরা। তাঁর ঝোড়ো সেঞ্চুরিতে লঙ্কানরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ২১৮ রান।
উল্লেখ্য, ২১৯ রানের লক্ষ্যে নেমে তাণ্ডব চালাতে থাকে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৪৫ বলে ৮১ রানের উদ্বোধনী জুটি গড়েন রাচীন রবীন্দ্র ও টিম রবিনসন। অষ্টম ওভারের দ্বিতীয় বলে রবিনসনকে ফিরিয়ে জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো। লঙ্কানদের আক্রমণাত্মক বোলিংয়ে এরপর চোখে সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। ১৬.২ ওভারে ৭ উইকেটে ১৭০ রানে পরিণত হয় কিউইরা। এমন পরিস্থিতিতে শেষ ২২ বলে ৪৯ রানের সমীকরণ মেলাতে আপ্রাণ চেষ্টা করে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২১১ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।