নিজস্ব প্রতিনিধি : নতুন চুক্তিতে আবদ্ধ হলেন নেইমার জুনিয়র। ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে এই চুক্তি করেছেন তিনি। গোটা বছরটাই ব্রাজিলের ক্লাবে খেলবেন তিনি। শৈশব থেকেই এই ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক। ছোট থেকেই এই ক্লাবে খেলেছেন। তাই সান্তোসের প্রতি তাঁর আলাদা অনুভূতি।
চলতি বছরের শুরুতে ক্লাব সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সেই সময় আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেছিলেন। ওই ৬ মাসের চুক্তি শেষ হতে চলেছে আগামী ৩০ জুন। চুক্তি শেষ হওয়ার আগেই নতুন করে সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ব্রাজিলিয়ানদের মধ্যে দেশের জার্সিতে সর্বাধিক গোল করা এই তারকা।
প্রথম ৬ মাসের চুক্তি শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। সেই মত জল্পনা ছড়িয়েছিল, এবার কোথায় খেলবেন নেইমার জুনিয়র। অবশেষে সেই জল্পনায় ইতি টেনে তিনি নতুন করে শৈশবের ক্লাবেই চুক্তিবদ্ধ হয়েছেন। নেইমারের পরিবার সূত্রে খবর, নেইমারকে ইউরোপের বেশ কিছু ক্লাব দলে নিতে চায়। লাতাসারায়ের নেইমারে ক্ষেত্রে আগ্রহের কথা জানা গিয়েছিল। পাশাপাশি হোসে মরিনহোও নিজের দলে তাঁকে নিতে চেয়েছিলেন। কিন্তু নিজের ছোটবেলার ক্লাবেই খেলতে চান নেইমার। সেই জন্য নতুন করে ৬ মাসের চুক্তিও করেছেন।
সান্তোসের সঙ্গে চুক্তি করে নেইমার বলেছেন, মনের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছেন। সান্তোস তাঁর কাছে শুধুমাত্র কোনও ক্লাব নয়, সেটি তাঁর ঘর, শিকড়, জীবন। ছোটথেকে এখানেই খেলেছেন। ওই ক্লাবই তাঁকে প্রকৃত ভালোবাসা দিয়ে মানুষ করেছেন। এই ক্লাব থেকেই নিজেকে খুঁজে পান। সান্তোসে থেকে স্বপ্নপূরণ করতে চান।