নিজস্ব প্রতিনিধিঃ চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। তার মাঝেই ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে প্রাণনাশের হুমকি। উদ্বিগ্ন হয়ে এফআইআর দায়ের করলেন পেসারের ভাই হাসিব। সোমবার সাড়ে ৭ টা থেকে শুরু হবে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের হাইভোল্টেজ ম্যাচ। ম্যাচের আগেই প্রাণনাশের হুমকি পেলেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ বোলার মহম্মদ শামি। রবিবার (৪ মে) ইমেলের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন অনুযায়ী, রাজপুত সিন্ধার নামে এক ব্যক্তি মহম্মদ শামিকে হত্যা হুমকির মেইলটি পাঠিয়েছে। যেখানে ভারতীয় ফাস্ট বোলারের কাছ থেকে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার উত্তেজনার মধ্যেই ভারতীয় বোলারকে প্রাণনাশের হুমকি পাঠানো হল। যা কিনা যথেষ্ঠ উদ্বেগজনক।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে পাকিস্তানি জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করেছে। যাতে কিনা ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক যুদ্ধ শুরু হয়েছে। আর এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই শামিকে মৃত্যু হুমকি পাঠানো ইমেলটি যথেষ্ঠ আতঙ্কের সৃষ্টি করেছে। ইতিমধ্যেই শামির ভাই হাসিব আহমেদ অমরাহো থানায় অভিযোগ দায়ের করেছেন। সাইবার ক্রাইম বিভাগকেও বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শাম্মির ভাই হাসিব একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গতকাল দুপুর ২-৩ টে নাগাদ মেইলটি আমরা পেয়েছি। এরপরেই আমরা পুলিশকে অবহিত করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। মেইলে শামিকে উদ্দেশ্য করে লেখা ছিল, আমরা তোমাকে মেরে ফেলব। সরকার আমাদের কিছুই করতে পারবে না।’ তবে কেন এই হুমকি দেওয়া হল, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, মহম্মদ শামি হলেন আইপিএলে হায়দরাবাদের প্রধান বোলার।
তবে চোটের কারণে তিনি দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন। চলতি বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আবারও প্রত্যাবর্তন করেন, এরপর শামি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছিলেন। যেখানে তিনি ৯ টি উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেন। এদিকে ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মহাম্মদ শামি এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন। ভারতের প্রিমিয়ার ক্রিকেট দল ৫৬-এর বেশি গড়ে এবং ১১-এর বেশি ইকোনমিতে মাত্র ৬টি উইকেট তুলেছেন তিনি। জানা যাচ্ছে, চলমান আইপিএল ২০২৫-এর পর, ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য মহাম্মদ শামি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অংশ হবেন। দলের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।