নিজস্ব প্রতিনিধিঃ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালই হোক বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠেছেন অজি দলের ট্রাভিস হেড (Travis Head)। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে সামান্য স্বস্তির খবর পেতে চলেছে ভারত। কারণ, সিরিজের চতুর্থ টেস্টে অনিশ্চিত ট্রাভিস হেড।
অন্যদিকে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের একাদশে স্যাম কনস্টাসের জায়গা পাওয়া অনুমিতই ছিল। ম্যাচের দুই দিন আগে সেটা নিশ্চিত করলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। সেইসঙ্গে দুর্দান্ত ছন্দে থাকা ব্যাটার হেডের চতুর্থ টেস্টে খেলার ভালো সম্ভাবনাই দেখছেন অস্ট্রেলিয়ার হেড কোচ। বলা বাহুল্য, মেলবোর্ন টেস্টের আগে বাঁ – হাতে চোট পেয়েছেন ট্রাভিস হেড। তাই তিনি আদৌ বক্সিং ডে টেস্টে খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
অস্ট্রেলিয়ার হেড কোচ জানিয়েছেন, ‘ হেডকে মেডিকেল বিভাগ আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেবে কিনা তা এখন নিশ্চিত নই। তবে আমি আত্মবিশ্বাসী যে, সে খেলবে।‘ উল্লেখ্য, ট্রাভিস হেড তিন টেস্টের পাঁচ ইনিংসে ৪০৯ রান করেছেন। বড় বড় দুই সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। তাঁর ব্যাটিং গড় ৮১.৮০। তাই এই ব্যাটারকে নিয়ে বেশ চাপে থাকেন রোহিত ব্রিগেড। সেইজন্য মেলবোর্নে বক্সিং ডে টেস্টের যদি হেড না থাকে তাহলে বেশ স্বস্তি পাবেন ভারতীয় ক্রিকেট দল ।