নিজস্ব প্রতিনিধি: মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ রবিবার রাতে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর আজকের (১৪ জুলাই) ম্যাচেই শেষ বার আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি গায়ে মাঠে নামছেন আনহেল দি মারিয়া। ফাইনালের পরেই তুলে রাখবেন প্রিয় বুট। তাই খানিকটা হলেও বিমর্ষ আর্জেন্টিনার অন্যতম সফল ফুটবলার।
১৬ বছর আগে ২০০৮ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথম অভিষেক ঘটেছিল আনহেল দি মারিয়ার। তার পর থেকে নিজের প্রতিভা ও দক্ষতায় জাতীয় দলের অন্যতম আপরিহার্য খেলোয়াড় হয়ে উঠেছেন। তবে চোটের কারণে মাঝে-মধ্যে দল থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু চোট সারিয়ে ফের ফিরে এসেছেন। অনেক ম্যাচে নিজে অবিশ্বাস্য গোল করে দলকে জিতিয়েছেন। না হলে গোল করার ক্ষেত্রে সাহায্য করেছেন।
আনহেল দি মারিয়াই হল আর্জেন্টিনার একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিক ফাইনালে গোল করেছেন। ঈশ্বরের বরপুত্র হিসাবে পরিচিত দিয়েগো মারাদোনা ও লিওনেল মেসিকেও এ ক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছেন ৩৬ বছর বয়সী ফুটবলার। দেশের জার্সি গায়ে ১৪৪ ম্যাচে প্রতিনিধিত্ব করার পাশাপাশি ৩১টি গোলও করেছেন। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি জুভেন্তাসের মতো বিশ্বের নামী ক্লাবগুলির হয়েও মাঠ দাপিয়েছেন মারিয়া। কোপা ফাইনালের আগের দিন শনিবার দলের সঙ্গে অনুশীলন শেষে সাংবাদিকদের কথা বলতে গিয়ে্ব আর্জেন্টিনার অন্যতম সফল ফুটবলার খানিকটা বাকরুদ্ধ কণ্ঠে বলেন, ‘রবিবার কোপা আমেরিকার ফাইনালের পরেই বুট তুলে রাখচি। আর্জেন্টিনার হয়ে আর কখনও মাঠে নামব না। জানি অবসর নেওয়ার সিদ্ধান্তটা কঠিন এবং কষ্টের। কিন্তু এটাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সঠিক সময়।’