নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র ১৩ বছর। কিন্তু খুদে হলে কী হবে, বিহারের বৈভব সূর্যবংশীকে বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটের বিষ্ময় বালক। আগামী দিনের তারকা। চলতি আইপিএল নিলামের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে নাম নথিভুক্ত হওয়ার পরেই শোরগোল পড়ে গিয়েছিল। সেই ১৩ বছরের বিস্ময় বালক তথা বিহারের বাসিন্দা ১৩ বছরের বৈভবকে ১ কোটি ১০ লাখে কিনল রাজস্থান রয়্যালস। নিলামে ৩০ লক্ষ ছিল তাঁর ভিত্তিমূল্য। বিস্ময় বালককে দলে পেতে কোমর কষে ঝাঁপায় দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। তবে ১ কোটি পর্যন্ত দাম বলে থেমে যায় দিল্লি। আরও ১০ লাখ বাড়িয়ে বৈভবকে পেয়ে যায় রাজস্থান।
১২ বছর ২৮৪ দিনে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে বৈভবের। এলিট গ্রুপ বি ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে পটনায় খেলেছিল কিশোর ক্রিকেটার। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ইতিহাসে নাম লিখিয়েছে। বিহারের হয়ে দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রঞ্জি খেলেও চমকে দিয়েছে বৈভব। বিহারের হয়ে রঞ্জি ছাড়াও কোচবিহার ট্রফি, ভিনু মাকঁড় ট্রফিতেও খেলেছে বৈভব। চলতি বছর সেপ্টেম্বরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে, যুব টেস্টে চেন্নাইয়ে অভিষেক হয় বৈভবের। অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে শতরান (৬২ বলে ১০৪) করে সে।
চলতি আইপিএলের নিলামের ৩১৮ জন আনক্যাপড ভারতীয়র মধ্য়ে সবার নজরে নিলামের সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। যার বয়স মাত্র ১৩ বছর। বিহারের এই ক্রিকেটারকেই বলা হচ্ছে ভারতের বিস্ময় বালক। আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হবে সংযুক্ত আরব আমির শাহিতে। সেই দলে রয়েছে বৈভব। চেন্নাইয়ে চারদিনের খেলায় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে বিধ্বংসী সেঞ্চুরি করেছে বৈভব। যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি। ব্যাট হাতে বুঝিয়ে দিয়েছে যে, সে আগামীর তারকা। বাংলাদেশ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারত এ স্কোয়াডেও ছিল বৈভব। এখান থেকেই নির্বাচকরা আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল বেছে নেন।