নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সাত দিনের মধ্যেই হেরে গেল টিম ইন্ডিয়া। শনিবার হারারেতে জিম্বাবোয়েকে ১১৫ রানে বেঁধে রেখেও ব্যাটিং ব্যর্থতায় জয় পেলেন না শুভমন গিলরা। ১০২ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস। টেন্ডাই চাতারা ও অধিনায়ক সিকান্দর রাজা তিনটি উইকেট নিয়েছেন।
শনিবার হারারেতে টসে জিতে প্রথমে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। ব্যাট করতে নেমে রবি বিষ্ণোইয়ের ঘূর্ণি সামলাতে হিমশিম কান জিম্বাবোয়ের ব্যাটাররা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তুলতে সক্ষম হন সিকান্দার রাজারা। জয়ের জন্য ভারতীয় দলের সামনে লক্ষ্য ছিল ১১৬ রানের। কিন্তু ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। ইনিংসের চতুর্থ বলেই শূন্য রানে ফিরে যান দেশের জার্সি গায়ে প্রথম মাঠে নামা অভিষেক শর্মা। চতুর্থ ওভারে ব্লেসিং মুজারাবানির বলে আউট হয়ে যান ঋতুরাজ গায়কোয়াড়ও (৭)। পরের ওভারেই জোড়া ধাক্কা খায় ভারত। রিয়ান পরাগ (২) ও রিঙ্কু সিংকে (০) ফিরিয়ে কার্যত টিম ইন্ডিয়ার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন টেন্ডাই চাতারা। ২২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টি টোয়েন্টির বিশ্বকাপ জয়ীরা।
পঞ্চম উইকেটে ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে দলকে খাদ থেকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক শুভমন গিল। এক সময়ে মনে হচ্ছিল বিপদ কেটে গিয়েছে। কিন্তু দশম ওভারে বল করতে এসে ধ্রুবকে (৬) ফিরিয়ে জুটি ভাঙেন লিউক জঙ্গউইয়ে। পরের ওভারে গিলকে (৩১) সাজঘরের পথ দেখান জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা। আর গিল ফিরতেই ভারতের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। সপ্তম উইকেটে জুটি বেঁধে প্রতিরোধের মরিয়া চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোই। ১৩তম ওভারে বিষ্ণোইকে (৯) ফেরান সিকান্দর রাজা। এর পরে আবেশ খানকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সুন্দর। অষ্টম উইকেটে ২৩ রান যোগ হয়। ১৬তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজার বলে ফিরে যান আবেশ (১৬)। পরের ওভারে মুকেশ কুমারকে (০) ফিরিয়ে দেন সিকান্দর রাজা। এর পরে একাই বুক চিতিয়ে লড়াই করেন সুন্দর। কিন্তু শেষ ওভারের পঞ্চম বলে সেই লড়াই থেমে যায়। টেন্ডাই চাতারার বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন সুন্দর। ১৯.৫ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।