নিজস্ব প্রতিনিধি: চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন মিশরের জাতীয় দলের ফুটবলার আহমেদ রিফাত। খেলতে-খেলতেই মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৩১ বছর বয়সী ফুটবলার। তার পর ভর্তি ছিলেন হাসপাতালে। চার মাস ধরে চিকিৎসকরা মৃত্যুর দরজা থেকে রিফাতকে ফেরাতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। আর রিফাতের আকাল প্রয়াণের খবরে মিশরের ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে। দেশের হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন রিফাত। দুটি গোলও করেছিলেন। সতীর্থের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিশর জাতীয় দলের অধিনায়ক ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।
গত ১১ মার্চ মিশরের প্রিমিয়ার ফুটবল লিগে মর্ডার্ন ফিউচার এফসি’র হয়ে মাঠে নেমেছিলেন আহমেদ রিফাত। খেলতে খেলতে ৮৮ মিনিটের মাথায় আচমকাই মাঠের মধ্যে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে সহ খেলোয়াড়রা বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু মিনিট খানেক অপেক্ষার পরেও রিফাতকে নড়াচড়া না করতে দেখে সবাই দৌড়ে যান। অচৈতন্য অবস্থায় থাকা ৩১ বছর বয়সী ফুটবলারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা পরীক্ষার পরে জানিয়ে দেন, খেলার মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন রিফাত। তড়িঘড়ি আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। হৃদস্পন্দন নিয়মিত রাখার জন্য অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র ‘পেসমেকার’-ও বসানো হয়। পরে শারিরীক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন রিফাত। গত চার মাস ধরে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শনিবার ফের শারিরীক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর দেশে পাড়ি জমান মিশরের জাতীয় দলের ফুটবলার।