নিজস্ব প্রতিনিধি, শিলং: জঘন্য ফুটবল উপহার দিয়ে ডুরান্ড কাপ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল। বুধবার শিলংয়ের মাঠে শিলং লাজংয়ের কাছে ২-১ গোলে হেরে গেল কার্লেস কুয়াদ্রাতের শিষ্যরা। ফলে সেমিফাইনালে যুবভারতীতে খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল লাল-হলুদ ব্রিগেডের।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই ইস্টবেঙ্গলকে চেপে ধরে শিলং লাজংয়ের অনামী ফুটবলাররা। ৮ মিনিটের মাথায় কর্নার থেকে ইস্টবেঙ্গলের রক্ষণকে ফাঁকি দিয়ে দলকে এগিয়ে দেন রুডওয়ের। গোল খাওয়ার পরেই হুঁশ ফেরে লাল-হলুদ ব্রিগেডের। একের পর এক আক্রমণ তুলে এনে ঝাঁপান তালাল, সাউল ক্রেসপোরা। কিন্তু লাজংয়ের রক্ষণ ভাঙা যাচ্ছিল না। ৩৮ মিনিটের মাথায় শিলংয়ের গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়িয়েছিলেন তালাল। অফসাইডে তা বাতিল হয়। বাকি সময়ে অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় লাজং।
দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার হিজাজি মাহেরকে তুলে স্ট্রাইকার ক্লেটন সিলভাকে নামান লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। আক্রমণে লোক বাড়িয়ে লাজংকে চাপে ফেলার কৌশল নিয়েছিলেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। উল্টে ইস্টবেঙ্গল ওপেন ফুটবল শুরু করায় প্রতি আক্রমণ থেকে সুযোগ পেতে শুরু করে লাজংও। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই চাপে পড়ে ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করে লাল-হলুদ ব্রিগেড। ৭৫ মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে পি ভি বিষ্ণুর পাস ধরে চলতি বলে ডান পায়ের শটে গোল করে সমতা ফেরান নন্দকুমার। কিন্তু বেশি ক্ষণ সেই হাসি স্থায়ী হল না লাল-হলুদ সমর্থকদের। ৮৩ মিনিটের মাথায় রক্ষণের ভুলে দ্বিতীয় গোল খেতে হয় ইস্টবেঙ্গলকে। বক্সের মধ্যে ডিফেন্ডারদের আগে বল ধরে গোল করলেন পরিবর্ত হিসাবে নামা লাজংয়ের ফিগো। দ্বিতীয় বার পিছিয়ে পড়ার পরে অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল।