নিজস্ব প্রতিনিধি, লখনউ: চলতি আইপিএলে লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) । এই ম্যাচে অভিষেক শর্মা দিগ্বেশ সিং রাঠির মধ্যে বিবাদ হয় যা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এর পরিপ্রেক্ষিতে দুই ক্রিকেটারের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করল বিসিসিআই ।
আইপিএলের অফিশিয়াল মিডিয়া অ্যাডভাইজারি অনুসারে, আইপিএল আচরণবিধি লঙ্ঘনের জন্য এলএসজি স্পিনার দিগবেশ সিং রাঠিকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাঁকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হিসাবে দিতে হবে। অভিষেক শর্মাকেও তাঁর ম্যাচ ফি’র ২৫% জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, চলতি আইপিএল মরশুমে এটি রাঠির তৃতীয়বার করা অপরাধ। এর আগেও তাঁকে আরও দু’বার দোষী সাব্যস্ত করা হয়েছিল।
ঠিক কী ঘটেছিল মাঠে?
দ্বিতীয় ইনিংসে SRH’র ব্যাটিংয়ের সময় ম্যাচের অষ্টম ওভারে দিগবেশ রাঠি একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। অভিষেক শর্মা যিনি দুর্দান্ত ব্যাটিং করে SRH-কে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, দিগবেশের বলে আউট হন। উইকেট পাওয়ার পর দিগবেশ তার সিগনেচার ‘নোটবুক’ সেলিব্রেশন করেন। তিনি কল্পনায় একটি নোটবুক খুলে অভিষেকর নাম লিখে তা কেটে দেওয়ার অঙ্গভঙ্গি করেন। এরপর তিনি অভিষেক’র দিকে কিছু আক্রমণাত্মক কথা বলেন এবং তাঁকে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন। এই ঘটনা মাঠে উত্তেজনার সৃষ্টি করে। অভিষেকও পাল্টা প্রতিক্রিয়া দেন। আম্পায়ার এবং LSG’র অধিনায়ক ঋষভ পন্থ-এর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
‘নোটবুক’ বিতর্কের সূত্রপাত
দিগবেশ রাঠির এই ‘নোটবুক’ সেলিব্রেশন এই মরশুমে প্রথম নয়। এর আগেও তিনি পঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে এই সেলিব্রেশন করেছিলেন, যার জন্য তাকে আইপিএল কর্তৃপক্ষ জরিমানা করেছে। প্রথমবার তাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। দ্বিতীয়বার জরিমানা বেড়ে হয় ম্যাচ ফি’র ৫০ শতাংশ এবং আরেকটি ডিমেরিট পয়েন্ট। আইপিএল’র নিয়ম অনুযায়ী, এই ধরনের আচরণ (লেভেল ১ অপরাধ, আর্টিকল ২.৫) প্রতিপক্ষকে উস্কানি দেওয়ার মতো হতে পারে, যা নিষিদ্ধ। তবুও দিগবেশ তার এই সেলিব্রেশন চালিয়ে যাচ্ছেন, যা বিতর্কের জন্ম দিয়েছে।