নিজস্ব প্রতিনিধি, দুবাই: অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছে। আগামিকাল রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবেন রোহিত শর্মা ও মিচেল স্যান্টনাররা। মূলত প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই নামবেন দুই দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত শিরোপা জয় করলে কোন দল কত টাকা প্রাইজ মানি পাবেন জানেন?
প্রতিযোগিতার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি বা পুরস্কারমূল্য জানিয়ে দিয়েছিল আইসিসি। ওই ঘোষণা অনুযায়ী গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়া এবং তালিকায় সবার শেষে থাকা ইংল্যান্ড ও পাকিস্তান পেয়েছে ১ লক্ষ ৪০ হাজার ডলার করে (ভারতীয় মুদ্রায় ১.২২ কোটি টাকা)। পঞ্চম ও ষষ্ঠস্থানে থাকা আফগানিস্তান ও বাংলাদেশ পেয়েছে সাড়ে তিন লক্ষ ডলার করে। ভারতীয় মুদ্রায় ৩.০৪ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ঝুলিতে গিয়েছে ৫.৬০ লক্ষ ডলার করে (ভারতীয় মুদ্রায় ৪.৮৭ কোটি টাকা)। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রতিটি দলকে ১ লক্ষ ২৫ হাজার ডলার করে দেওয়া হচ্ছে। গ্রুপ লিগে প্রতি খেলায় জয়ের জন্য বাড়তি হিসাবে দেওয়া হয়েছে ৩৪ হাজার ডলার।
চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে যে দল জয়ী হবে তারা পাবে ২২ লক্ষ ৪০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৯ কোটি ৪৮ লক্ষ। আর ফাইনালে পরাজিত দল পাবে ১২ লক্ষ ৪০ হাজার ডলার বা ৯ কোটি ৭৪ লক্ষ টাকা। অর্থাৎ রোহিতরা শিরোপা জিতলে মোট পাবেন ২৪ লক্ষ ৬৭ হাজার ডলার। আর কোনও কারণে হেরে গেলে প্রাইজ মানি হিসাবে পাবেন ১৪ লক্ষ ৬৭ হাজার ডলার।