নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ১০ হাজার টাকা বেতনভোগী এক ব্যক্তিকে ৩ কোটি টাকারও বেশি কর নোটিশ ধরাল CGST। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের কানপুরের কাকাদেব এলাকায়। যেখানে একটি কোচিং সেন্টারে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ওমজি শুক্লা। তাঁর মাসিক বেতন মাত্র ১০ হাজার টাকা। কিন্তু বিভাগীয় রেকর্ড অনুসারে, তাঁর নামে ১৭.৪৭ কোটি টাকার একটি পোশাকের ব্যবসা রয়েছে। সে কারণে ব্যক্তির বিরুদ্ধে ৩ কোটি টাকারও বেশি করফাঁকির নোটিশ জারি করেছে কেন্দ্রীয় সরকারের গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স দফতর (CGST)।ভুক্তভোগী ওমজি শুক্লা আবাস বিকাশ কলোনির হংসপুরমের বাসিন্দা।
প্রায় দুই সপ্তাহ আগে তিনি ডাকযোগে এক পৃষ্ঠার একটি নোটিশ পেয়েছিলেন। প্রতিবেশীদের কাছে এটি দেখানোর পর তাঁরা বিষয়টি তাঁকে জানায়। কিন্তু তিনি প্রথমে ভেবেছিলেন এটি জাল, ভুয়ো। সেই কারণে ওমজি সতর্কতা হিসাবে এটি নিরাপদে রেখেছিলেন। কিন্তু গত ২১ আগস্ট, পোস্টম্যান আবারও তাঁকে ৩২ পৃষ্ঠার একটি বিস্তারিত নোটিশ ধরান। এতে কেবল ওমজির সঠিক ঠিকানা এবং প্যান নম্বরই ছিল না, বরং তাকে সাত দিনের মধ্যে সমস্ত নথিপত্র সহ বিভাগের সামনে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। নোটিশ অনুযায়ী, ওমজির নামে ১৭ কোটি ৪৭ লক্ষ ৫৬ হাজার টাকার পোশাক ব্যবসা নিবন্ধিত রয়েছে। সেই হিসেবে তাঁকে ৩ কোটি ১৪ লক্ষ ৫৬ হাজার টাকা কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এরপর বিরক্ত হয়ে, ওমজি গত সোমবার (২৫ অগস্ট) সর্বোদয় নগরে অবস্থিত সিজিএসটি অফিসে পৌঁছান এবং কমিশনার রোশন লালের সঙ্গে দেখা করেন। কমিশনার তাকে আশ্বস্ত করেন যে, সময়মতো নোটিশের জবাব দেওয়া গুরুত্বপূর্ণ। আর এই নোটিশের সত্যতা সেই অফিসেই পরীক্ষা করা হবে যেখান থেকে এটি জারি করা হয়েছিল। তবে এবার ওমজি কী করবেন তা জানা যায়নি। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগে পঞ্জাবের এখন সবজি বিক্রেতাকে প্রায় ১০ কোটি টাকার কর নোটিশ ধরানো হয়েছিল। যেখানে নাকি তিনি মাস গেলে মাত্র ৫ হাজার টাকা ইনকাম করেন। তবে এটি যদি ভুয়ো হয়, কেন্দ্রীয় সরকারের কর দফতরের অফিসাররা চাপে পড়তে পারেন।