নিজস্ব প্রতিনিধি: আয়না দেখার শখ তো কম বেশি সব মানুষেরই রয়েছে। শুধু শখ নয়, প্রয়োজনীয়তাও রয়েছে। তাই সব বাড়িতেই আয়না থাকে। কিন্তু দেখা যায় সব বাড়িতে আয়না লাগানো হলেও সঠিক দিক মেনে লাগানো হয় না। ফলে বাড়িতেও ঘটতে থাকে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে যদি আয়না লাগানো হয় তাহলে তা সঠিক দিক মেনেই লাগানো উচিত।
বাস্তুশাস্ত্র বলে ঘরে যদি আয়না সঠিক দিক মেনে লাগানো হয় তাহলে ঘরের আর্থিক সংকট কেটে যায়। তাই ঘরে যদি আয়না লাগাতে চান তাহলে উত্তর দিকে লাগান। উত্তর দিক বাস্তুর জন্য সবসময়তেই ভাল।
উত্তর দিকে আয়না লাগানো হলে দেবী লক্ষ্মী ও ভগবান কুবের অত্যন্ত প্রসন্ন হন। তাঁদের আশীর্বাদ সবসময় বর্ষিত হয়। তাঁরা প্রসন্ন মানেই আপনার ঘরে উপছে পড়বে অর্থ।
এবার অনেক সময় যে ঘরের উত্তর দিকে জায়গা নেই। তখন তাহলে আয়না কোনদিকে লাগাবেন? সেক্ষেত্রে আয়না লাগান পূর্ব দিকে। বাস্তুশাস্ত্র মতে উত্তর ও পূর্ব এই দুই দিক আয়না লাগানোর জন্য সবচেয়ে ভাল। এই দিকগুলি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং সম্পদ ও সৌভাগ্য ডেকে আনে। তাই উত্তর ও পূর্ব দিকে আয়না থাকলে পরিবার সবসময় সমৃদ্ধ থাকে।
শোবার ঘরে আয়না রাখা উচিত নয়। যদি একান্ত রাখতেই হয়, তবে তা এমনভাবে রাখুন যাতে বিছানা বা আপনার শরীরের কোনো অংশ কাঁচে প্রতিফলিত না হয়।
ধন দৌলত প্রচুর পরিমাণে চাইলে আলমারিতেও আয়না লাগাতে পারেন। এটা অত্যন্ত শুভ। এতে আলমারি বা সিন্দুক যাই বলুন, সবসময় পূর্ণ থাকে।