আন্তর্জাতিক ডেস্কঃ ঘুমের আগে আপনি বিছানা গোছাতে ব্যস্ত। আর সেইসময়তেই দেখলেন বিছানার মধ্যে নড়চড় করছে বিষকর গোখরো । যা দেখে আপনি স্বাভাবিকভাবে চমকে উঠবেন। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। সেখানকার এক পরিবারের সদস্য ঘুমোতে যাওয়ার আগে বিছানা গোছাতে গিয়ে দেখে বালিশের নীচে রয়েছে বিষাক্ত সাপ। যা দেখে চমকে উঠেছে গোটা পরিবার ।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এমিল নামে এক ব্যক্তি। যিনি পেশায় একজন সাপুড়ে। সম্প্রতি এমিল সাপ ধরতে এক ব্যক্তির বাড়িতে যান। সেইসঙ্গে পুরো বিষয়টি ভিডিও করেন তিনি । আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করে ক্যাপশনে এমিল লেখেন, ‘বিছানায় এমন অতিথি কেউ চায় না। ‘ আর ভিডিওতে দেখা গিয়েছে, এমিল খুব সাবধানে সাপটিকে ধরছে । সেইসঙ্গে তিনি পরিবারের সদস্যদের সতর্ক করে দিয়েছেন, এই সাপটি খুবই বিষাক্ত । ইতিমধ্যেই এমিলের সাপ ধরার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার সব থেকে বিষাক্ত সাপের মধ্যে একটি হল গোখরো । এই সাপের কামড় খেলে স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। সেইসঙ্গে আশঙ্কা থাকে প্রাণহানি ঘটারও। তাই এই গোখরো সাপ বাড়িতে দেখলেই সাপুড়েদের ডাকার নির্দেশ দিয়েছে আফ্রিকান স্নেকবাইট ইনস্টিটিউট।