নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ওয়াল স্ট্রিটের বিখ্যাত ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাকসে-র সিনিয়র পরামর্শদাতা হিসাবে ফের যোগ দিয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। আজ মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন গোল্ডম্যান স্যাকস গ্রুপ ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) ডেভিড সলোমন।
২৫ বছর আগে ২০০০ সালে গোল্ডম্যান স্যাকসে-তে ইন্টার্ন হিসেবে যোগ দেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাতা ঋষি সুনক। পরে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত একজন বিশ্লেষক বা অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব সামলান। পরে নিএই বেশ কয়েকজনকে নিয়ে একটি সংস্থা খোলেন এবং আর্থিক পরামর্শদাতা হিসাবে দায়িত্ব পালন করেন। একজন বিনিয়োগ পরামর্শদাতা হিসাবে সুখ্যাতিও অর্জন করেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রাজনীতির জগতেও পা রাখেন ঋষি। তিনি ২০১৫ সালে সংসদ সদস্য হিসেবে রাজনীতির কেরিয়ার শুরু করেছিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। তার আগে ছিলেন কোষাগারের প্রধান সচিব এবং গৃহায়ন, সম্প্রদায় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংসদীয় আন্ডার-সেক্রেটারি অফ স্টেট। বরিস জনসন ইস্তফা দেওয়ার পর ২০২২ সালের অক্টোবরে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন। ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। যদিও গত বছর সাধারণ নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয় সুনকের দল কনজারভেটিভ পার্টি। তবে সাংসদ পদে জয়ী হন সুনক। উত্তর ইংল্যান্ডের রিচমন্ড এবং নর্থালার্টন এলাকার সাংসদ হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন। নির্বাচনী প্রচারেই তিনি বলেছিলেন, ‘ভোটের ফলাফল যাই হোক না কেন, পরবর্তী সংসদের পুরো সময়কাল ধরে সাংসদ হিসাবে কাজ করে যাবেন।’