আন্তর্জাতিক ডেস্ক : রেকর্ড গড়তে মানুষ আজব আজব জিনিস করে। ওই যে কথায় আছে মেধা থাকলে বয়সের দরকার হয় না। তাই বলে ৬০ দিন ধরে জলের গভীরে ? দমবন্ধ করা পরিবেশে ৬০ দিন ধরে থেকে রেকর্ড গড়লেন জার্মানির ৫৯ বছর বয়সী এক নাগরিক। রেকর্ডস গড়তে ৬০ দিন ধরে সাগরের গভীরে বসবাস করছেন তিনি। তাঁর লক্ষ্য রয়েছে ১২০ দিন তিনি জলের তলায় থাকবেন। সাগরের অতলে নির্দিষ্ট একটি জায়গায় থাকার জায়গা ঠিক করেছেন তিনি।
জার্মান নাগরিক এই ব্যক্তির নাম রুডিগার কোচ। পেশায় তিনি একজন প্রকৌশলী। পানামার পুয়ের্তো লিন্ডো এলাকার উপকূলে ক্যারিবীয় সাগরে জলে একটি ডুবো ক্যাপসুলের মধ্যে দুই মাস ধরে তিনি রয়েছেন। সেখানেই তিনি নিজের কাজকর্মও চালিয়ে যাচ্ছেন। জার্মানির এই কোচ রয়েছেন সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ মিটার বা ৩৬ ফুট নিচে।
মজার বিষয় সেখানে তিনি একা নন, তাঁর সঙ্গে প্রয়োজনীয় কিছু জিনিসপত্রও রয়েছে। ৩২২ বর্গফুট আয়তনের একটি ক্যাপসুলের ভেতর তিনি থাকছেন। এতে রয়েছে একটি বহনযোগ্য টয়লেট। তাঁর সময় কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক নানা আয়োজন। আছে টেলিভিশন, কম্পিউটার, একটি শয্যা, ব্যায়ামের জন্য স্থির সাইকেল, সৌরবিদ্যুৎ, স্যাটেলাইট ইন্টারনেট ইত্যাদি।
এই নিয়ে জার্মান এই কোচ জানান, জলের নীচে স্বাভাবিকভাবে স্নান করতে পারছেন না তিনি। এই জিনিসটা খুব মিস করছেন।একইসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি আমার কাছে খুব কঠিন কিছু মনে হচ্ছে না। আমি এখানে জলের নিচে আছি বলেও মনে হচ্ছে না। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে, মাঝেমধ্যে আমার সাঁতার কাটতে মন চায়। কিন্তু এখানে জলের নিচে সেটা সম্ভব নয়। বাকি তিনি ভালই জীবনযাপন করছেন জলের মধ্যে।’
তিনি কতদিন জলের নিচে থাকবেন এই নিয়ে কোচ বলেন, নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে তিনি গত ২৬ সেপ্টেম্বর কাজ শুরু করেছেন। ১২০ দিন জলের নিচে কাটানোর পর আগামী ২৪ জানুয়ারি তিনি সাগরের ওপরে উঠে আসবেন।