নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান! মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শুরু হল ‘বর্ডার 2’-এর শুটিং। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র ‘বর্ডার’-এর সিক্যুয়েল তৈরির বিষয়টা বেশ কয়েকদিন ধরেই জল্পনায় ছিল। সানি দেওলের ‘গদর 2’ মুক্তির পর থেকেই সেই জল্পনা আরও জোরালো হয়। এরপর নির্মাতারা ‘বর্ডার 2’-এর ঘোষণা দেন। এরপর থেকেই ছবিটির আপডেট জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। অবশেষে খবরে এসেছে, আজ থেকে ছবির শুটিং শুরু হল। ছবিতে ভারতীয় সেনার চরিত্রেই অভিনয় করবেন সানি দেওল। অবশেষে ২৯ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
আগেই জানা গিয়েছিল যে, ‘বর্ডার 2’ -তে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসঞ্জ এবং অহন শেট্টি-সহ একাধিক বলিউড তারকারা প্রধান ভূমিকায় অভিনয় করবেন। তবে ছবির নায়িকা কারা হবেন, তা এখনও জানা যায়নি! ছবির অন্যান্য আপডেট অনুযায়ী, ছবিটি পরিচালনা করছেন অনুরাগ সিং। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন সানি দেওল। আজ শুটিং চলাকালীন, ছবির টিম সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন। এছাড়া আরও জানা গিয়েছে, ‘বর্ডার 2’-এর একটি বিশাল অংশে একাধিক অ্যাকশন দৃশ্য থাকবে।
বিখ্যাত হলিউড অ্যাকশন কোরিওগ্রাফার নিক পাওয়েল, যিনি ‘দ্য বোর্ন আইডেন্টিটি’-এর মতো ছবিতে অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন, তিনিই ‘বর্ডার 2’-এর যুদ্ধের অ্যাকশন দৃশ্য কোরিওগ্রাফ করবেন। এর আগে হলিউড অ্যাকশন কোরিওগ্রাফার নিক পাওয়েল ‘দ্য মামি’ (১৯৯৯), ‘আরআরআর’-এও কাজ করেছেন (২০২২)। ‘বর্ডার ২’ ছবিটি অসাধারণ অ্যাকশনপূর্ণ হতে চলেছে। এই ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত। সবকিছু ঠিকঠাক থাকলে ‘বর্ডার ২’ ছবিটি ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে চলেছে।