নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার ঘটনা নিয়ে ‘হেমা কমিশন’ একটি রিপোর্ট পেশ করেছে। এরপরেই যৌন হেনস্থার একের পর এক অভিজ্ঞতার কথা জানাচ্ছেন মালয়ালম ইন্ডাস্ট্রির তারকারা। এই নিয়ে একাধিক অভিনেত্রী একাধিক নায়কের বিরুদ্ধে অতীতের যৌন হেনস্থার কথা জানিয়েছেন। যেমন, সোমবার সকালে মালয়ালম অভিনেত্রী মিনু মুনিরও ৪ নায়কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। সুতরাং এ নিয়ে তোলপাড় মালয়লাম ফিল্ম ইন্ডাস্ট্রি। এই আবহে এবার নিজের সঙ্গে হওয়া যৌন হয়রানির বিষয়ে মুখ খুললেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সমাজমাধ্যমে তুলে ধরলেন আরও অভিনেত্রীদের সঙ্গে হওয়া যৌন নির্যাতনের কথা। এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চাইলেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী যাতে দ্রুতই বাংলার চলচ্চিত্র জগতেও হেনস্থা নিয়ে তদন্তের দিকটা নজরে রাখে।
অভিনেত্রী ঋতাভরী ফেসবুকে লম্বা পোস্টে লেখেন, “মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। কিন্তু আমার বক্তব্য বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ আনা হচ্ছে না? একই ধরনের ঘটনা আমার সঙ্গেও ঘটেছে। এবং আমার মনে হয় আমার মতো আরও অভিনেত্রীরা ভুক্তভোগী। এর বিচার নাহলে বাংলা ইন্ডাস্ট্রির নায়ক, প্রযোজক ও পরিচালকেরা ঘৃণ্য মানসিকতা নিয়ে তাঁদের কাজের ধারা বজায় রাখবে। তাঁদের কি কোনও শাস্তি হবে না? আরজি করের ঘটনায় এঁরা মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলে নেমেছেন, কিন্তু একসময় ওঁরা নিজেরাই মহিলাদের মাংসপিণ্ড ছাড়া আর কিছু ভাবেন না?”
এরপর অভিনেত্রী তাঁর টলিউডের নায়ক পরিচালকের বিরুদ্ধে আওয়াজ তুলে আরও বলেছেন, “এবার এই হত্যাকারীদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। এবার এই দানবদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি আমার সমসাময়িক সমস্ত অভিনেত্রীকে ডাক দিচ্ছি। তাঁরা কাজ হারানোর ভয় না পেয়ে আর যেন চুপ না থাকে। আর কত দিন আমরা চুপ করে থাকব? নতুন অভিনেত্রীরা অনেক স্বপ্ন নিয়ে এই জগতে আসেন। কিন্তু তাঁরাও গণিকালয়ে পতিত হয়। তবে কি এই জুনিয়র অভিনেত্রীদের প্রতি আমাদের কোনও দায়িত্ব নেই?” এরপরেই এই পোস্টের ক্যাপশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন, “দিদি আমাদের ইন্ডাস্ট্রিতেও তদন্তের প্রয়োজন। এবার টলিউডে ধর্ষণের ঘটনা ঘটুক আমি চাই না। রুপোলি দুনিয়ায় আছি বলে, পুরুষরা অভিনেত্রীদের ভোগ্যপণ্য বা তাদের যৌনতৃষ্ণামেটানোর মাধ্যম হিসাবে দেখবে, এটা চাইনা।”