নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ অসুস্থ ঢালিউডের বিতর্কিত নায়িকা পরীমণি! দিন দুয়েক ধরেই তিনি হাসপাতালের ভর্তি। অভিনেত্রীর সঙ্গে রয়েছে তাঁর ছেলেও। ছেলে পদ্মকে কিছুতেই কোল ছাড়া করতে নারাজ। তাই মায়ের সঙ্গে রয়েছে পদ্ম। কিন্তু কী হয়েছে অভিনেত্রীর? দিন কয়েক আগেই বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার ১০ সেকেন্ডের মাথায় একটি স্কুলের মাঠে ভেঙে পড়ে বিমানটি। মারা গিয়েছেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক। যাত্রী-সহ মোট ২৭ জন মারা গিয়েছেন এই বিমান দুর্ঘটনায়। যেটি বাংলাদেশের কালো দিবস ছিল, এমনকী একদিনের সরকারি ছুটির ঘোষণাও করা হয়েছিল। আর এই ঘটনায় মর্মাহত বাংলাদেশের সকল তারকারা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছিল। সেই মর্মান্তিক দুর্ঘটনার ছবি-ভিডিও দেখেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পরীমণি। বিশেষ করে, শিশুদের আহত ও নিহতের ছবি তাঁকে এতটাই নাড়া দিয়েছিল যে, তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
বুধবার হাসপাতাল থেকেই একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী, আর তাতেই নায়িকার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালের বেডে শয্যাশায়ী পরীমণি। তাঁর হাতে ক্যানোলা লাগানো। পাশে স্যালাইনের টিউব ঝুলছে, আর মায়ের কাছে এক বেডেই বসে আছে ছোট ছেলে পুণ্য। ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন পরী। বারবার তাঁকে বুকের কাছে টেনে নিচ্ছেন। বিমান দুর্ঘটনায় শিশুদের মৃত্যু যেন তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাই ছেলেকে কোনভাবেই চোখের আড়াল করছেন না অভিনেত্রী। আসলে নায়ক শরিফুল রাজের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরে ছেলের মধ্যেই নিজের আশ্রয় খুঁজে পেয়েছেন অভিনেত্রী। যদিও বছর খানেক আগে অভিনেত্রী একটি মেয়ে সন্তানও দত্তক নিয়েছেন। তাঁদের নিয়েই অভিনেত্রীর এখন গোটা পৃথিবী। মাঝে মধ্যেই ছেলে-মেয়ের নানা মুহূর্তের ছবি-ভিডিও শেয়ার করছেন অভিনেত্রী।
এদিন একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘প্যানিক অ্যাটাক মোটেই কোনও সহজ বিষয় নয়! এটা যে কতটা ভয়ংকর হতে পারে! আজ তিনটে রাত কীভাবে পার করছি আমি শুধু জানি। হাসপাতালের চিকিৎসকেরা (মেডিসিন, কার্ডিওলজি এবং সাইকোলজি বিশেষজ্ঞ) সবাই তাদের যথার্থ সাহায্য করে যাচ্ছেন। আমি শুধু ভাবছি, আমার বাচ্চারা না থাকলে কোনও চিকিৎসা কি আদৌও কাজে আসত আমার এই মুহূর্তে! আমি জানি না, আমি শুধু জানি আমার বাচ্চারা আমাকে ছাড়া ভাল থাকবে না। আল্লাহ মহান সবার সহায় হোক।’ তবে অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে স্পষ্ট যে, অভিনেত্রী বিমান দুর্ঘটনায় খুবই ট্রমাটাইজড। তাই ছেলেকে কাছে টেনে, তাঁকে জড়িয়ে ধরে, বারবার তিনি নিজেকে শান্তনা দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সব সময় কি সব ইমোশন কন্ট্রোল করা যায়! যায় না তো।’ তবে অভিনেত্রীকে নিয়ে প্রায়শই নানারকম বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে, তাঁর প্রেম নিয়েই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। কিছুদিন আগেই গায়ক শেখ সাদির সঙ্গে তাঁর প্রেমের গুজব উঠেছিল।কিন্তু এ বিষয়ে অভিনেত্রী কোনও প্রতিক্রিয়া জানান নি।