নিজস্ব প্রতিনিধি : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের রূপের কথা কে না জানে। বয়সকে তিনি অনেক আগেই হার মানিয়েছেন।পর্দার বাইরে সামাজিক মাধ্যেমেও এই সুন্দরী অভিনেত্রীকে দেখার জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। তবে অভিনেত্রী আজ সামাজিক মাধ্যমে ধরা দিলেন করুণরূপে। যেন মনের মধ্যে চাপা কষ্ট ঠিকরে বেরিয়ে আসছে তাঁর ।
শনিবার(২৩ নভেম্বর) জয়া তাঁর সামাজিক মাধ্যমে একটি মৃত একটি কুকুরের ছবি আপলোড করেন।করুণ চোখে তাকিয়ে থাকা মৃত সে কুকুরের ছবিতে লেখা, ‘বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়। মানুষই পারে এই রূপ ধারণ করতে! আমার রূপ একটাই, ক্ষুধার্ত তবু বন্ধু।’
এরপরই জয়া আরও লেখেন, ‘৬ জন কুকুর ও ১ জন বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। জয়া আরও লেখেন, প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। কিন্তু পারেনি স্থানীয় প্রাণি প্রেমীসহ বিভিন্ন প্রাণিকল্যাণ সংস্থার প্রতিবাদে। কিন্তু আজ এই ঘটনা ঘটিয়ে দিল তারা।’
এই ছবির ক্যাপশনে মৃত কুকুরের কারণ ব্যাখ্যা করেছেন জয়া। আফসোস করে অভিনেত্রী লিখেছেন, ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ!
জয়ার এমন করুণ পোস্টে হৃদয় ভেঙেছে অনুরাগীদের। কেউ কেউ লিখেছে,‘মানুষ’ প্রসঙ্গে তারাও অভিনেত্রীর সঙ্গে সহমত পোষণ করেন। আবার অনেকেই লিখেছেন, ‘হায়রে মানুষ! সৃষ্টির সেরা!’ আরেকজন লেখেন, ‘বিচার হবে না জেনেও তীব্র প্রতিবাদ চাই’।
উল্লেখ্য, ব্যক্তিজীবনে জয়া খুব প্রাণীভক্ত। নিজের বাড়িতেও অসংখ্য কুকুর পোষেন নায়িকা। প্রাণী প্রেমের জন্য ‘দ্য পিপল ফর অ্যানিমেল’ ওয়েলফেয়ার থেকে বিশেষ সম্মাননাও পেয়েছেন তিনি।