নিজস্ব প্রতিনিধি: গুজরাতের (Gujrat) মেহসানা (Mehsana) জেলার ভাদনগরে উদ্ধার হল ধ্যানমগ্ন সন্ন্যাসীর কঙ্কাল। জমি খননের সময় কঙ্কালটি পাওয়া গিয়েছিল। এই বিষয়টি বিশেষজ্ঞদেরও অবাক করেছে। জানা গিয়েছে, কঙ্কালটি প্রায় ১০০০ বছরের পুরনো। ধ্যানমগ্ন থাকা অবস্থায় কঙ্কালটি পাওয়ার পর ডিএনএ পরীক্ষা হয়। তার থেকে জানা যায় এই কঙ্কালটি সম্ভবত কোনও সন্ন্যাসীর। তিনি সম্ভবত জীবন্ত সমাধি নিয়েছিলেন।
ভারতে এই প্রথম কোনও সন্ন্যাসীর কঙ্কাল এমন ধ্যানরত ভঙ্গিতে পাওয়া গেল। বলা বাহুল্য, এ ঘটনা ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলবে। বর্তমানে কঙ্কালটি ভাদনগরের একটি সাধারণ তাঁবুতে রাখা আছে।
সম্প্রতি, ভাদনগরে কোটি কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক জাদুঘর তৈরি করা হয়েছে, কিন্তু এই ঐতিহাসিক কঙ্কালটি সেখানে স্থান পায়নি। গুজরাট প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগের নিয়ন্ত্রক ডঃ পঙ্কজ শর্মা এই সমগ্র বিষয়ে তথ্য প্রদান করেছেন। তিনি বলেন, এই কঙ্কালটি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে এবং এটিকে তাৎক্ষণিকভাবে জাদুঘরে রাখা টেকনিক্যালি সম্ভব নয়।
পঙ্কজ শর্মা বলেন, হাজার হাজার বছর ধরে মাটিতে নিরাপদে থাকা কঙ্কালটিকে এখন খোলা পরিবেশে রাখার জন্য বিশেষ প্রযুক্তির প্রয়োজন। যদি এটি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে না রাখা হয়, তাহলে এটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে।
তিনি আরও স্পষ্ট করে বলেন যে এই কঙ্কালের মাটিও সরানো হয়নি যাতে এর কাঠামো ক্ষতিগ্রস্ত না হয়। ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archiological Survry Of India) এর সঙ্গে আলোচনা করা হচ্ছে পরবর্তী প্রক্রিয়ার জন্য।