নিজস্ব প্রতিনিধিঃ সলমান খানের পর লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় এবার বলিউডের আরেক সুপারস্টার তথা বাদশা শাহরুখ খান। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ফোন করে রীতিমতো মুক্তিপণও চাওয়া হল শাহরুখের থেকে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ফোনকারীর বিরুদ্ধে মুম্বই থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ফোনকারীর নাম ফাইজান এবং বান্দ্রা পুলিশ কল ট্র্যাক করে তাঁকে ছত্তিশগড়ের রায়পুরে সনাক্ত করেছে। বান্দ্রা থানার ল্যান্ডলাইন ফোনে শাহরুখ খানকে হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বান্দ্রা পুলিশ সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) আইনের ধারা 308(4), 351(3)(4) এর অধীনে নথিভুক্ত করা হয়েছে। সন্দেহভাজনকে গ্রেফতার করতে ইতিমধ্যেই রায়পুরে পৌঁছেছে মুম্বই পুলিশের একটি দল।
পুলিশ সাইবার থানার সহযোগিতায় তদন্ত শুরু করেছে।ফোনে বলা হয়েছে, ‘শাহরুখ খান যদি নিজের জীবন বাঁচাতে চান তাহলে কোটি টাকা দিন। অন্যথায় তাদের পরিণতি ভোগ করতে হবে এবং তারপর কলটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।’ এরপর থেকে ওই ফোন বন্ধ। এর আগে গত ৫ নভেম্বর বান্দ্রা থানার ল্যান্ডলাইনে সলমানের থেকে মুক্তিপণ চেয়ে ফোন করা হয়েছিল। ফোনকারি নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলে দাবি করেছিলেন। ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার পর থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের নজরে রয়েছেন সুপারস্টার সলমান খান। বছর কয়েক ধরেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের থেকে মৃত্যু হুমকি পাচ্ছেন অভিনেতা। এমনকী লরেন্স বিষ্ণোই স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে, তিনি যতক্ষণ না কৃষ্ণসার হত্যার জন্যে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইবেন ততক্ষন তাঁর নিস্তার নেই। ইতিমধ্যেই সলমানের ঘনিষ্ঠদের উপর নজর পড়েছে তাঁর গ্যাংয়ের। গত ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীকে হত্যা করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। যিনি সলমানের অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন। এরপর থেকেই সলমান ও তাঁর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করেছে মহারাষ্ট্র সরকার। যদিও কড়া নিরাপত্তাতে মুড়ে কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা। এদিকে লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে সলমানের হত্যার হুমকি পাওয়া, কিছু মানুষের সাপে বর হয়েছে। লরেন্স বিষ্ণোইয়ের নাম করে ভুয়ো ফোন এবং বার্তা পাঠাচ্ছে কিছু ব্যক্তি। কেউ মুম্বই পুলিশের ট্রাফিক বিভাগের WhatsApp-এ, আবার কেউ মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে বার্তা পাঠিয়ে সলমানের কাছ থেকে মুক্তিপণ দাবি করছে। এ পর্যন্ত আসা প্রতিটা বার্তাতেই লেখা রয়েছে, লরেন্স বিষ্ণোইয়ের হাত থেকে বাঁচতে চাইলে তাঁর সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে এবং ৫ কোটি টাকা মুক্তিপণ দিতে হবে।
বৃহস্পতিবার সকালে হুমকি দেওয়া আর একজন অভিযুক্তকে গ্রেফতার করেছেন মুম্বই পুলিশ। যিনি কিনা রাজস্থানের বাসিন্দা। ৩২ বছর বয়সী অভিযুক্ত কে সলমান খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কর্ণাটকে আটক করা হয়েছে এবং বুধবার মহারাষ্ট্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত, ভিখা রাম নামে পরিচিত, যিনি বিক্রম নামেও পরিচিত, তিনি রাজস্থানের জালোরের বাসিন্দা। ১০ দিনের মধ্যে প্রায় ৩ টে মৃত্যু হুমকি পেলেন সলমান। আর এমন পরিস্থিতিতে সলমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে শাহরুখ খানকেও প্রাণনাশের হুমকি ভক্তদের রীতিমতো উদ্বিগ্ন করেছে। সলমান বর্তমানে হায়দরাবাদে রশ্মিকা মান্দান্নার সঙ্গে তাঁর আসন্ন ছবি সিকান্দার শুটিং করছেন। বলিউডের সবচেয়ে বড় দুই সুপারস্টার শাহরুখ এবং সলমান খানের মধ্যে ঘনিষ্ঠ বন্ধন এবং বন্ধুত্ব রয়েছে। তাদের বন্ধুত্ব ১৯৯০ এর দশকে সুপারহিট ছবি ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম তুমহারে হ্যায় সানাম’ ছবি থেকে শুরু হয়েছে। সেই থেকে, তাদের বন্ধুত্ব দৃঢ়, এবং তাদের প্রায়ই বিভিন্ন পার্টি এবং চলচ্চিত্র ইভেন্টে একসঙ্গে দেখা যায়। এদিকে, কাজের ফ্রন্টে, শাহরুখ, যিনি সম্প্রতি ৫৯ বছরে পা দিয়েছেন, পরবর্তীতে তাকে অভিনেত্রী-কন্যা সুহানা খানের সঙ্গে কিং-এ দেখা যাবে। তাকে শেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানির ডানকিতে, যা ২০২৩ সালের ডিসেম্বরে বড় পর্দায় মুক্তি পেয়েছিল এবং ৩০০ কোটির বেশি আয় করেছিল।