নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় ‘অমৃত স্নান’ করতে প্রথম দিনে ডুব দিলেন ৩.৫০ কোটি পুণ্যার্থী। মকর সংক্রান্তির সকালে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে হল এই ‘অমৃত স্নান’। এ দিন ভোর সাড়ে ৫টা নাগাদ প্রয়াগরাজে শুরু হয় মহাকুম্ভের এই স্নান।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ‘মহাকুম্ভে প্রয়াগরাজে প্রথমদিনে ৩.৫০ কোটিরও বেশি সাধু এবং ভক্তরা ‘অমৃত স্নান’ করে পুণ্য লাভ করেছেন। প্রথম অমৃত স্নান উৎসব সফলভাবে সমাপ্তির জন্য মহাকুম্ভ মেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সাফাই কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন , ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাজ্যবাসীকে জানাই অভিনন্দন।’
এদিন সকালে প্রায় দেড় কোটি মানুষ ডুব দিয়েছিলেন গঙ্গা, যমুনা, সরস্বতীর পবিত্র সঙ্গমস্থলে। শুধু ভারতীয় নয়, বেশ কিছু বিদেশি ভক্তরাও অংশ নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই পূণ্য স্নানের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, শীত উপেক্ষা করে কোটি কোটি ভক্ত ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন৷ বলা বাহুল্য, ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মহাকুম্ভে ১৪৪ বছর পর রয়েছে বিশেষ যোগ। তাই এবছরের মহাকুম্ভ মেলা অন্যবারের তুলনায় একটু বেশিই গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে কুম্ভ মেলায় অংশগ্রহণ করছে ১৩টি আখড়া (হিন্দু ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন), যারা একটি সুচিন্তিত সময়সূচী অনুযায়ী পবিত্র স্নান কার্যক্রম সম্পন্ন করবে। সেইকারণে মহা কুম্ভের সময় কোটি কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উত্তরপ্রদেশ পুলিশ শহরের চারপাশকে ঘিরে ফেলেছে চক্রব্যূহের মতো।