নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অনলাইন গেম নিয়ে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনলাইন গেমিং বিল অনুমোদন করেছে। এর লক্ষ্য হল বেটিং অ্যাপ নিয়ন্ত্রণ করা এবং জুয়ার উপর কঠোর নিয়ন্ত্রণ আনা। বিলটির মাধ্যমে অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলিকে একটি আইনি কাঠামোর আওতায় আনা এবং ডিজিটাল অ্যাপের মাধ্যমে জুয়ার জন্য শাস্তি প্রবর্তনের চেষ্টা করছে।
সাম্প্রতিক সময়ে সরকার এই খাতের উপর নজরদারি আরও কঠোর করে তুলেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে, অনলাইন গেমিংয়ের উপর ২৮% জিএসটি প্রয়োগ করা হয়েছে। সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে নতুন নিয়ম চালুর কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, গেম থেকে প্রাপ্ত অর্থের উপর ৩০% কর আরোপ করা হয়েছে। এমনকি অফশোর গেমিং প্ল্যাটফর্মগুলিকেও করের আওতায় আনা হয়েছে। সংস্থাগুলির অনিবন্ধিত বা অবৈধ সাইটগুলিকে ব্লক করার ক্ষমতা রয়েছে।
২০২৪ সালে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে নতুন ফৌজদারি বিধান কার্যকর হয়েছিল। যার ফলে অননুমোদিত বেটিংয়ের শাস্তি সাত বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে বলে সাবধান করা হয়েছিল। তবে, রাজ্যগুলি অবৈধ বাজি এবং জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রধান কর্তৃপক্ষ হিসাবে রয়ে গিয়েছে। কারণ ‘বাজি এবং জুয়া’ সংবিধানের রাজ্য তালিকার অধীনে পড়ে।
২০২২ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে সরকার ১,৪০০ টিরও বেশি বেটিং এবং জুয়ার ওয়েবসাইট এবং অ্যাপ ব্লক করেছে। জুয়া আসক্তি মোকাবেলায় শিক্ষা মন্ত্রণাক অভিভাবক এবং শিক্ষকদের জন্য অ্যাডভাইজারি জারি করেছে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রক টিভি চ্যানেলগুলিকে নির্দেশ দিয়েছে যে গেমিং বিজ্ঞাপনগুলিতে আর্থিক ঝুঁকি এবং সম্ভাব্য আসক্তি সম্পর্কে সতর্কতা প্রদান নিশ্চিত করতে হবে। সরকারি আধিকারিকরা বলেছেন, এর লক্ষ্য হল ইন্টারনেট এবং বিশেষ করে অনলাইন গেমিংকে নিরাপদ করে তোলা।