নিজস্ব প্রতিনিধিঃ বয়স কোন বাধাই নয়। প্রতিকুলতা কাটিয়ে যোগ দিলেন গণতান্ত্রিক উৎসবে। বুধবার মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের দিন বুথে গিয়ে ভোট দিলেন ১১৩ বছর বয়সী এক বৃদ্ধা। মুম্বইয়ের নেপিয়ান সি রোড এলাকায় তিনি ভোট দেন। পাশাপাশি গ্রান্ট রোড এলাকার বুথে গিয়ে ১০৩ বছরের এক বৃদ্ধ ভোটদান করেছেন।
এই প্রসঙ্গে মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এক বিবৃতি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, ‘ এদিন ভোটকেন্দ্রে গিয়ে ১১৩ বছর বয়সী নেপিয়ান সি রোডের বাসিন্দা মিসেস কাঞ্চনবেন নন্দকিশোর বাদশা ভোট দিয়েছেন। অন্যদিকে ১০৩ বছর বয়সী গ্রান্ট রোডের বাসিন্দা জিজি পারেখ মালাবার হিলের বুথে গিয়ে ভোট দেন। মালাবার হিল পোলিং বুথে নির্বাচন কমিশনের এক কর্মী শতায়ু ভোটারকে মালা দিয়ে অভিনন্দন জানান।‘ বলা বাহুল্য, মুম্বইয়ের ভোটকেন্দ্রে আসা প্রবীণ নাগরিকদের জন্য হুইলচেয়ারের সুবিধা দেওয়া হয়েছে। ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) এবং ন্যাশনাল ক্যাডেট কর্পসের (এনসিসি) স্বেচ্ছাসেবকরা প্রতিটি ভোটকেন্দ্রে তাদের সহায়তা করছেন।
উল্লেখ্য কমিশনের দেওয়া তথ্য অনুসারে, ৩০ অক্টোবর পর্যন্ত মহারাষ্ট্রে ১৮-১৯ বছর বয়সী ভোটারদের সংখ্যা ২২,২২ ,৭০৪জন। ৩০- ৩৯ বছর বয়সী ভোটার রয়েছেন ২ ,১৮ ,১৫ ,২৭৮ জন । এছাড়াও ৮৫ থেকে ১৫০ বছর বয়সের মধ্যে রয়েছেন ১২,৪০,৯১৯ জন ভোটার। বলা বাহুল্য, এদিন সকাল থেকেই মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ পর্ব।