নিজস্ব প্রতিনিধিঃ সামনেই জম্মু- কাশ্মীর এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন শুরুর আগেই বড় ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, জম্মু ও কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনে করা যাবে না বুথফেরত সমীক্ষা অর্থাৎ এক্সিট পোল। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি।
সেখানে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর সকাল সাতটা থেকে ৫ অক্টোবর সন্ধে ছটা পর্যন্ত হরিয়ানা এবং জম্মু- কাশ্মীরে করা যাবে না কোন এক্সিট পোল। আর এই ব্যাপারে ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইনের ১২৬এ- উপধারা ১-এর কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে হবে তিন দফায় বিধানসভা নির্বাচন। শেষ দফার ভোট ১ অক্টোবর। সেইজন্য ৫ অক্টোবরের আগে এক্সিট পোলের ফল প্রকাশ করা যাবে না।
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর এক দফাতেই হরিয়ানার ৯০টি বিধানসভা আসনে ভোট হবে। আর জম্মু – কাশ্মীরে বিধানসভা নির্বাচন ১৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হবে। ৮ অক্টোবর দুই রাজ্যে হবে ভোটগণনা । বলা বাহুল্য, জম্মু ও কাশ্মীরের মোট ৯০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হবে নির্বাচন। ৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহার ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্য়াহারের পর এই প্রথমবার উপত্যকায় বিধানসভা নির্বাচন হতে চলেছে।