নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও হামলার বদলা নিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে সোমবার থেকে লোকসভায় শুরু হয়েছে আলোচনা। আর প্রথম দিনেই ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে বলতে উঠে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিইউ নেতা রাজীব রঞ্জন ওরফে ললন সিংহ। সেনার অভিযানে নিহত জঙ্গিদের ‘শহিদ’ এবং কুখ্যাত সন্ত্রাসী তথা কান্দাহার বিমান ছিনতাই কাণ্ডের খলনায়ক মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার সাহাব’ বলে সম্ভাষণ করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর ওই মন্তব্যকে হাতিয়ার করে কোমর কষে আসরে ঝাঁপিয়েছে কংগ্রেস। সমাজমাধ্যমে লল্লন সিংহের ওই মন্তব্যের ক্লিপিংস আপলোড করেছে।। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে কংগ্রেসের তরফে ২০ সেকেন্ডের এক ভিডিও ক্লিপিংস আপলোড করা হয়েছে। সেই সঙ্গে এক তির্যক পোস্টও করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘আতঙ্কবাদী ‘শহিদ’ হ্যায়, মাসুদ আজহার ‘সাহাব’ হ্যায়, ইয়ে হ্যায় নরেন্দ্র মোদি কে মন্ত্রী কী সোচ’। বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘সন্ত্রাসবাদী হল ‘শহিদ’, মাসুদ আজহার ‘সাহাব’, এই হল নরেন্দ্র মোদির মন্ত্রীর চিন্তাভাবনা।’
• आतंकवादी 'शहीद' हैं
• मसूद अजहर 'साहब' हैं– ये है नरेंद्र मोदी के मंत्री की सोच 👇 pic.twitter.com/3krF3ZTnV4
— Congress (@INCIndia) July 28, 2025
২০ সেকেন্ডের যে ভিডিও ক্লিপিংস কংগ্রেসের তরফে সমাজমাধ্যমে আপলোড করা হয়েছে, তাতে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিংহকে বলতে শোনা গিয়েছে ‘কয়েকশো সন্ত্রাসবাদী ‘শহিদ’ হয়েছে। আপনারা সবাই দেখেছেন, সন্ত্রাসবাদীদের গুরু কাঁদছেন। তিনি আর কেউ নন, মাসুদ আজহার সাহাব।’ সবথেকে বিস্ময়ের হল, রাজীব রঞ্জনের পিছনের ওই মন্তব্য শুনে পিছনের সারিতে থাকা অনুরাগ ঠাকুর এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেলকে ডেস্ক চাপড়িয়ে অভিনন্দিত করতে দেখা গিয়েছে। জেডিইউ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জনের ভাষণের ওই ভিডিও ক্লিপিংস সমাজমাধ্যমে পোস্ট করে কংগ্রেস মুখপাত্র অলোক শর্মা ‘মোদি মিডিয়া’ তথা ‘গদি মিডিয়া’কে খোঁচা দিয়ে লিখেছেন, ‘জাতীয় সংবাদমাধ্যম কি এই বিষয়ে কোনও বিতর্কের আয়োজন করবে?’