নিজস্ব প্রতিনিধি, পাটনা: দেশে নারী নির্যাতন ঠেকানোর জন্য বিবিধ আইন প্রণয়ণ করা হয়েছে। কিন্তু তারপরেও ঘরে বাইরে নিগ্রহের শিকার হতে হয় নারীকে। ৭ দিনের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা, ধর্ষকদের লালায়িত লোভ থেকে রক্ষা নেই যেন কারও। নারীকে বলা হয় দেবী লক্ষ্মীর রূপ, বৃহস্পতিবার নাকি লক্ষ্মীবার। সেই লক্ষ্মীবারেই ধর্ষণের শিকার হলেন এক নারী। পুলিশ জানিয়েছে, পাটনার কাছে শাহপুরে এক মহিলাকে তার স্বামীর সামনেই ধর্ষণ করা হয়।
জানা গিয়েছে ওই মহিলা পেশায় একজন নৃত্যশিল্পী। বৃহস্পতিবার ভোরে একটি অনুষ্ঠান শেষে তিনি স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। মহিলার স্বামী কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলেন স্টেশনে যাওয়ার জন্য রাস্তা কোনদিকে। সেই সময় শাহপুর ডেরা গ্রামে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
দানাপুরের এএসপি ভানু প্রতাপ সিং এই প্রসঙ্গে বলেন, “যখন মহিলার স্বামী তিনজন পথচারিকে দিঘোয়ারা রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার রাস্তা করেন, তখন তারা দম্পতিকে তাদের বাইকে উঠতে বলেন। বিশ্বাস করে দম্পতি বাইকে বসেন। তারপর তাঁদের স্টেশনে নিয়ে যাওয়ার পরিবর্তে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে মহিলাকে তার স্বামীর সামনে ধর্ষণ করা হয়।” এই অপকর্ম শেষে অভিযুক্তরা দম্পতিতে সেখানে রেখেই পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে ধর্ষিতার বক্তব্যের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। বুধবার রাতে মনোজ কুমার এবং মণীশ কুমারকে নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় অভিযুক্তের নাম নগেন্দ্র কুমার। তাকে ধরার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।