নিজস্ব প্রতিনিধি, ভোপাল: তীর্থযাত্রীদের আধ্যাত্মিকতার প্রার্থনায় যাতে কোনও মতে বিঘ্ন না ঘটে তার জন্য এবার নর্মদার তীরে থাকা তীর্থস্থান গুলিতে মদ ও মাংস নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশাপাশি নর্মদার তীরে থাকা লোকালয়গুলিতে পরিবেশ দূষণ রুখতেও স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
১,৩১২ কিলোমিটার জুড়ে প্রবাহিত নর্মদা। আর ওই ১,৩১২ কিলোমিটারের মধ্যে ১,০৭৯ কিলোমিটার মধ্যপ্রদেশে পড়েছে। পুণ্যস্রোতা নর্মদার দুই তীর ঘেঁষে রয়েছে ২১টি জেলা। আর ওই ২১ জেলায় ৬৮টি তালুক, ১ হাজার ১৩৮টি গ্রাম ও ১,১২৬টি ঘাট রয়েছে। সেই ঘাট সংলগ্ন অঞ্চলে রয়েছে ৪৩০টি শিবমন্দির ও দুটি শক্তিপীঠ রয়েছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংগঠন ও সাধু-সন্ন্যাসীরা নর্মদার তীরবর্তী তীর্থক্ষেত্রগুলিতে মদ ও মাংস নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন।
গতকাল শুক্রবার আনুপুর জেলার অমরকণ্ঠকে (নর্মদার উৎপত্তিস্থল) স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ওই বৈঠকেই নর্মদা তীর সংলগ্ন এলাকায় যন্ত্রচালিত খনন কার্য নিষিদ্ধ করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে তীর্থযাত্রীদের ধর্মীয় ভাবাবেগের বিষয়টি মাথায় রেখে তীর্থস্থান সংলগ্ন শহর ও অন্যান্য স্থানে মাংস ও সুরা নিষিদ্ধ করারও নির্দেশ দেন। দেশ-বিদেশ থেকে আসা তীর্থযাত্রী ও পর্যটকদের থাকা-খাওয়ার সুবিধার্থে হোম স্টে গড়ে তোলার জন্য স্থানীয় তরুণদের উৎসাহ জোগানোর জন্যও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।