নিজস্ব প্রতিনিধি : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের ওপর স্থগিতাদেশ জারির পর মোদি সরকারকে আক্রমণ করলেন আপ নেতা সঞ্জয় সিং। তাঁর অভিযোগ, বিচার ব্যবস্থাকে রীতিমতো প্রহসনে পরিণত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, বৃহস্পতিবার নিম্ন আদালতে অরবিন্দ কেজরিওয়াল জামিন পাওয়ার পর দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল ইডি। সেখানে কেজরিওয়ালের জামিনের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়।
এদিন আপ সাংসদ সঞ্জয় সিং হিন্দিতে পোস্ট করে জানিয়েছেন, ‘এখনও নিম্ন আদালতের রায়ের কপি আসেনি। তার আগেই মোদির ইডি হাইকোর্টে পৌঁছে গিয়েছে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে। দেশে এই সব কি ঘটছে। মোদিজি, বিচার ব্যবস্থাকে এভাবে প্রহসনে পরিণত করছেন কেন। সারা দেশ কিন্তু আপনাকে দেখছে।‘ কেজরির জামিনে স্থগিতাদেশ দেওয়ায় সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়ালও। তাঁর অভিযোগ, তাঁর স্বামীর সঙ্গে এমন আচরণ করা হচ্ছে, যেন সে একজন সন্ত্রাসবাদী।
এদিন ইডির তরফে সহকারি সলিসিটর জেনারেল এস ভি রাজু কেজরির জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। গত বৃহস্পতিবার কেজরিকে আবগারি দুর্নীতি মামলায় জামিন দিয়েছিল দিল্লির নিম্ন আদালত। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে ২৪ ঘণ্টার মধ্যে দিল্লি হাইকোর্টে যায় ইডি। এদিন ইডির আবেদনে সাড়া দিয়ে কেজরির জামিনের ওপর সাময়িক স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল কেজরিকে। এরপর নির্বাচনী প্রচারের জন্য কিছুদিনের জন্য জামিন দেওয়া হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। শেষ পর্যন্ত গত ২ জুন ফের তিহার জেলে যেতে হয়েছিল কেজরিকে।