নিজস্ব প্রতিনিধি : স্ত্রীর সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন হাসিনার পুত্র জয়। সামাজিক মাধ্যমে জয় লিখেছেন গত ৩ বছর ক্রিস্টিনের সঙ্গে তাঁর কোন সম্পর্ক নেই। প্রায় ৩ বছর আগে তাঁরা আলাদা থাকছেন।
সদ্যই সজীবের বিরুদ্ধে আমেরিকার ফেডারেল ব্য়ুরো অব ইনভেস্টিগেশনের একটি তদন্ত রিপোর্ট ফাঁস হয়েছে। সেই রিপোর্টে জয়ের বিরুদ্ধে তাঁর একাধিক সম্পত্তির খতিয়ান তুলে ধরা হয়েছে। সেই রিপোর্ট ভুল ও বিভ্রান্তিকর বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন সজীব। একইসঙ্গে তিনি বলেন, ভুয়া এফবিআই রিপোর্টের দাবি করে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। তাঁর পরিবারের বিরুদ্ধে নানান কুৎসাও রটানো হচ্ছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন(এফবিআই)এর তরফে জানানো হয়েছিল, শেখ হাসিনার ছেলে ও তার প্রাক্তন আইসিটি বিষয়ক উপদেষ্টা জয়ের মালিকানায় আছে বিলাসবহুল আটটি গাড়ি। এছাড়া পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় সজীবের স্ত্রী ক্রিস্টিনের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্যও পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়। এই প্রসঙ্গে জয় সামাজিক মাধ্যমে লেখেন, ক্রিস্টিনের সঙ্গে তিন বছর আগে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে।