নিজস্ব প্রতিনিধি : প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী। তিনি ২০০১ সালের ১৪ নভেম্বর থেকে ২০০২ সালের ২১ জুন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। শুক্রবার রাত ২.৪৫ নাগাদ(৫ অক্টোবর)শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশের উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। তাঁর(বদরুদ্দোজা চৌধুরী)প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন। ‘স্যার আর আমাদের মধ্যে নেই। আমাদের ছেড়ে চলে গেছেন।’ বর্তমানে তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, ১ ছেলে ও ২ মেয়ে।
জানা গিয়েছে,ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরীর । গত ২ অক্টোবর ভোর নাগাদ বাংলাদেশের বারিধারার বাড়ি থেকে তাঁরই প্রতিষ্ঠিত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলছিল তাঁর। শারীরিক অবস্থা আরও অবনতি হতে থাকে। শুক্রবার ভোর নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর পর পরিবারের সদস্যরা জানান, তাঁর প্রথম শেষকৃত্য হবে উত্তরা উইমেন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে ও দ্বিতীয় শেষকৃত্য দুপুরের সময় বারিধারায় ৮ নম্বর সড়কে বায়তুল আতিক জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
বদরুদ্দোজা চৌধুরীর মেয়ে ডা. শায়লা চৌধুরী জানিয়েছেন, আগে থেকেই তাঁর বাবার ইসকেমিক হার্ট ডিজিজ ছিল। বুধবার তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। ওই অবস্থায় তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।