নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কাকস্য পরিবেদনা! ব্যাঙ্ককের বৈঠকে তদারকি সরকারের উপদেষ্টাদের ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত রাখতে মোল্লা মুহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর ক্ষোভকে যে আমলই দিচ্ছেন না পাকিস্তানপ্রেমী উপদেষ্টারা, ফের তা প্রকাশ্যে এল। এবার ওয়াকফ বিল নিয়ে মোদি সরকারকে সরাসরি ‘মুসলিম বিরোধী’ বলে তোপ দাগলেন ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুধু তাই নয়, বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মোদি সরকারের প্রতিবাদকেও ব্যঙ্গ করেছেন।
বাংলাদেশ জুড়ে ভারতের বিরুদ্ধে যে ঘৃণা ছড়ানো হচ্ছে তার নেতৃত্বে রয়েছেন ইউনূসের আইন উপদেষ্টা তথা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য আসিফ নজরুল। ভারতে ওযাকফ বিল পাশ করার সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে ফের মুসলিম ধর্মীয় তাস খেলেছেন তিনি। পরোক্ষে হিন্দুদের বিরুদ্ধে মৌলবাদীদের হামলা চালাতে উৎসাহিত করে আজ রবিবার এক ফেসবুক পোস্ট করেছেন। ওই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতে মোদি সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘ওয়াক্ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশংকা করা হচ্ছে।’ এখানেই থামেননি তিনি। আরও লিখেছেন, ‘উল্লেখ্য ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে, ওয়াক্ফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন?’ এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে।’
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দুদের উপরে বলাগাম নির্যাতন। বেশ কয়েকবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এ বিষয়ে আপত্তিও জানানো হয়েছে। এদিন ফেসবুক পোস্টে ওই প্রসঙ্গ টেনে ব্যঙ্গের সঙ্গে ইউনূসের আইন উপদেষ্টা লিখেছেন, ‘পরিতাপের বিষয় হচ্ছে, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভূয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।’ মোদি-ইউনূস বৈঠকের পরে তদারকি সরকারের আইন উপদেষ্টার এমন বিতর্কিত পোস্ট নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে।