নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বের ক্রিকেটাররা যেখানে আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকেন সেকানে উলটপুরাণ ঘটিয়েছেন ইংলিশ তারকা ক্রিকেটার মঈন আলী। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আইপিএল ছেড়েছেন। কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন ৩৮ বছর বয়সী তারকা ক্রিকেটার।
পাক সংবাদমাধ্যম ‘এআরওয়াই’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মঈন আলী বলেছেন, ‘কয়েকটি কারণ আছে। আমার বয়স এখন ৩৮, এবং আমি এখনও খেলতে, ভাল করতে এবং আমার ক্যারিয়ার যতটা সম্ভব দীর্ঘায়িত করতে চাই। এখানে আসার সিদ্ধান্তে করাচি একটি বড় ভূমিকা রেখেছে। এটি একটি সংক্ষিপ্ত প্রতিযোগিতা, যা আমার এবং আমার পরিবারের জন্য বেশি সুবিধাজনক।’
গত বছর অর্থাৎ ২০২৫ সালে ২ কোটি টাকা দিয়ে মঈনকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট ৬টি ম্যাচ খেললেও মাত্র ৫ রান করেছিলেন। সেই কারণেই কেকেআর ছাড়লেন কিনা জানতে চাওয়া হলে ইংল্যান্ডের এই প্রাক্তন অলরাউন্ডার বলেন, ‘গত বছর আইপিএলে আমি অর্ধেক ম্যাচ খেলেছি এবং ব্যাট করার সুযোগও পেয়েছি মাত্র দুবার। এই পর্যায়ে আমি মাঠে থাকতে চাই। আমি ব্যাট করতে চাই। আমার মনে হচ্ছে, ক্যারিয়ারের শেষ দিকে এসে আমি ভাল ক্রিকেট খেলছি এবং আমি এভাবেই চালিয়ে যেতে চাই।’ কোনও দলে জায়গা পাওয়া যে নিশ্চিত নয়, তা উল্লেখ করে ৩৮ বছর বয়সী প্রাক্তন অলরাউন্ডার বলেন, ‘কোথাও জায়গা পাওয়া নিশ্চিত নয়। এমনকি এখানেও না, কিন্তু আমি আমার ক্রিকেটটা যতটা সম্ভব উপভোগ করতে চাই। আমি সবসময় পিএসএল খেলার অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছি।’