নিজস্ব প্রতিনিধি, পুণে : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন বাংলার শ্রমিকরা। বারংবার এমনই অভিযোগ সামনে আসছে। হেনস্থার ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাকে লক্ষ্য করে জনসভা করছে। দেড়মাস আগে উত্তরবঙ্গে সভা করে যাওয়ার পরে শুক্রবার দক্ষিণবঙ্গে সভা করেছেন। প্রধানমন্ত্রী সভার দিনেই পুণেতে নদিয়ার ২ শ্রমিকের হেনস্থার খবর প্রকাশ্যে এসেছে।
মোদির সভার দিনেই জানা গিয়েছে বিগত ৬ মাস ধরে পুণেতে আটক করে রাখা হয়েছে নদিয়ার মতুয়া সম্প্রদায়ের দুই ভাইকে। ওই ২ যুবকের পরিবারের পক্ষ থেকে একটি ভিডিও বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশি অভিযোগ দিয়ে পরিবারের দুইজনকে আটক করে রাখা হয়েছে। তাঁদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড সবই রয়েছে। তারপরেও তাঁদের আটকে রাখা হয়েছে। গত বিধানসভা ও লোকসভা ভোটে তাঁরা বিজেপিকেই ভোট দিয়েছিলেন বলে ভিডিয়োয় দাবি করেছেন পরিবারের সদস্যরা।
শ্রমিক পরিবারের সদস্যদের সেই ভিডিও এক্সহ্যান্ডেলে শেয়ার করেন তৃণমূল রাজ্যসভারর সাংসদ সামিরুল ইসলাম। মোদির সভার আগেই ভিডিও শেয়ার করে লিখেছেন,সভায় বাঙালিদের ভাল ভাল কথা বলার আগে অসহায় বাবা-মায়েদের আকুতি শুনুন। তাঁদের সন্তানদের সমস্যার সমাধান করুন। বিজেপি শাসিত রাজ্যে তাঁদের পরিবারের লোকজন আটক রয়েছে।
বাংলার শ্রমিকদের হেনস্থার অভিযোগে রাজপথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপি সরকারকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। নদিয়ার অসহায় পরিবার মুখ্যমন্ত্রীর কাছে বাড়ির লোকদের ফেরানোর আবেদন করেছেন। জানা গিয়েছে, ওই দুই যুবক রানাঘাট রাইনগরের বাসিন্দা। ওই দুই যুবক মণিশঙ্কর ও নয়ন বিশ্বাস মহারাষ্ট্রের পুনেতে গিয়েছিলেন কাজের জন্য। সমস্ত নথি থাকা সত্ত্বেও মাস ছয়েক আগে মহারাষ্ট্রের পুলিশ তাঁদের গ্রেফতার করে। এরপর তাঁরা আর কিছু জানতে পারেনি।