নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের দুঃসংবাদ নেমে এল। না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত অভিনেতা-পরিচালক ধীরাজ কুমার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯। বিনোদন জগতে একের পরে এক দুঃখজনক ঘটনা ঘটেই চলেছে। তীব্র নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে স্বাস্থ্যের অবনতি ঘটে তাঁর। শরীর খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।
ধীরজ কুমারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউমোনিয়ার কারণে তাঁকে কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই আইসিইউতে ছিলেন তিনি। সেখানেই ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাঁকে। মনে করা হয়েছিল, সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন। কিন্তু সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁর স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি। ধীরজ কুমারের পরিবার এই কঠিন সময়ে পাশে থাকার কথা বলেছেন।
ধীরজ কুমার সম্প্রতি নবি মুম্বইয়ের খারঘর এলাকায় অবস্থিত ইসকনের এক মন্দিরের উদ্বোধনে হাজির হয়েছিলেন তিনি। সেখানে তিনি সনাতন ধর্মের প্রচারের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছিলেন। সেই সময় তিনি সুস্থই ছিলেন। তাঁর শারিরীক কোনও সমস্যা ছিল না। তাঁকে দেখে কেউ ভাবতেই পারেনি তিনি অসুস্থ। কয়েকদিন পরেই তিনি আর থাকবেন না।
উল্লেখ্য, ধীরজ কুমার ১৯৬৫ সালে একটি ট্যালেন্ট শোয়ের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেছিলেন। যেখানে সুভাষ ঘাই এবং রাজেশ খান্নাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। রাজেশ খান্না সেই শোয়ের বিজয়ী হন। তিনি ১৯৭০ থেকে ১৯৮৪ সালের মধ্যে ২১টি পাঞ্জাবি ছবিতে কাজ করেছেন। সেখানে নিজের দৃঢ় অভিনয় দক্ষতা দেখিয়েছিলেন। এরপর তিনি ‘হিরা পান্না’, ‘রাতোঁ কা রাজা’, ‘সরগম’, ‘বহুরূপিয়া’, ‘রোটি কাপড়া অউর মাকান’ সহ অনেক বলিউড সিনেমায় কাজ করেন। চলচ্চিত্রেপ পাশাপাশি টেলিভিশনেও নিজের জায়গা দখল করেছিলেন তিনি। দর্শকদের ‘ওম নমঃ শিবায়’, ‘কাহান গায়ে ও লোগ’, ‘আদালত’, ‘ইয়ে প্যায়ার না হোগা কাম’, ‘সিংহাসন বাত্তিসি’ এবং ‘মাইকা’-এর মতো জনপ্রিয় শো উপহার দিয়েছেন। ক্রিয়েটিভ আই’ নামে একটি প্রযোজনা সংস্থাও শুরু করেছিলেন।