নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ: উপনির্বাচনের ফলাফলের দিন বোমাবাজিতে প্রাণ হারানো ছোট্ট তামান্নার গ্রাম মোলান্দিতে বসল স্থায়ী পুলিশ ক্যাম্প। এছাড়াও এলাকায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা। আজ মঙ্গলবার (৮ জুলাই) ওই পুলিস ক্যাম্পের পথচলা শুরু হয়েছে। গত ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন মোলান্দিতে বোমার আঘাতে মৃত্যু হয় তামান্না খাতুনের(Tamanna Khatun)। এরপর থেকেই চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে মোলান্দিতে(Molandi)। নিরাপত্তা ও এলাকায় শান্তি ফেরানোর দাবি জানিয়েছিলেন এলাকাবাসী। বসানো হয়েছিল পুলিশ পিকেট। এবার স্থায়ীভাবে তৈরি করা হল পুলিশ ক্যাম্প।
মোলান্দির এক ব্যক্তির বাড়িতেই এই পুলিশ ক্যাম্প করা হয়েছে । ওই পুলিশ ক্যাম্পে এক জন সাব ইন্সপেক্টর সহ দু’জন আধিকারিক, পাঁচ জন কনস্টেবল ও ৯ জন সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হবে। মঙ্গলবার থেকেই এখানে জিডি(GD) করতে পারবেন বাসিন্দারা। এছাড়াও যেকোন সমস্যায় দ্রুত পৌঁছে যাবে পুলিশ কর্মী। এর পাশাপাশি এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে সিসি ক্যামেরা(CC Camera)। ফলে এলাকায় কমবে দুষ্কৃতি কার্য কলাপ এমনটাই দাবি করছে প্রশাসন। খুশি এলাকাবাসী।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,নদিয়ার কালীগঞ্জের মোলান্দিতে উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমা ছাড়ার ঘটনায় বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট তামান্না খাতুনের। এই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিল ৯ জন। গ্রেফতার করে কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে কালিগঞ্জ থানার পুলিশ। এরপর দীর্ঘ বেশ কয়েকটা দিন কোন গ্রেফতারের খবর ছিল না। পুলিশের উপর ভরসা রাখতে পারছে না শিশুটির পরিবার যার জন্য ছোট্ট মৃত শিশু তামান্নার মা উচ্চ আদালতের দ্বারস্থ হন। এরপরই পুলিশের তৎপরতা শুরু হয় এরপরই ধরা হয় পলাশী এলাকা থেকে আরেক অভিযুক্ত আবুল কাশিম শেখ ওরফে ভুট্টোকে ।সে একজন তৃণমূল কর্মী বলে পরিচিত এলাকায়। সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারি বেড়ে ১০ । অভিযুক্ত আবুল কাশেম শেখ ওরফে ভুট্টো তৃণমূল কর্মীকে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে(Krishnanagar Court) পেশ করা হয়।
আদালতের কাছে পুলিশ তিনদিনের হেফাজতের আবেদন করে । সেই আবেদন মঞ্জুর করেন বিচারক সঞ্জয় চৌধুরী । যদিও মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে মোট ২৪ জনের নামে কালিগঞ্জ থানায় এফ আই আর করা হয়। এখনো সেই এফআইআর অনুযায়ী বাকি ১৪জন আসামি গ্রেফতার হয়নি । এখন দেখার বিষয় পুলিশ কতটা সক্রিয় ভাবে অভিযুক্তদের ধরে এবং পরিবারের পাশে দাঁড়ায়। তবে পুলিশ সূত্রে খবর বাকিদের খোঁজে তল্লাশি চলছে । অভিযুক্তদের দ্রুততার সাথে গ্রেফতার করা হবে। এর মধ্যেই ওই গ্রামে পুলিশি নিরাপত্তা জোরদার করা হল।