নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ১৪ দিনের মাথায় শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সরিয়ে দেওয়া হয়েছে পহেলগাঁও থানার ভারপ্রাপ্ত আধিকারিক (স্টেশন হাউস অফিসার) রিয়াজ আহমেদকে। তাঁকে অনন্তনাগ জেলার পুলিশ লাইনে বদলি করা হয়েছে। পহেলগাঁওয়ের ওসির দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে পীর গুলজার আহমেদকে। আজ সোমবার (৫ মে) অনন্তনাগের সিনিয়র পুলিশ সুপার অমৃতপাল সিংয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই রদবদলের কথা জানানো হয়েছে। সূত্রের খবর, কর্তব্যে গাফিলিতির কারণেই সরিয়ে দেওয়া হয়েছে পহেলগাঁও থানার ওসিকে।
গত ২২ এপ্রিল মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার এক রিসর্টে হানা দিয়ে ২৬ পর্যটক-সহ ২৮ জনকে নৃশংসভাবে খুন করে পাকিস্তানি জঙ্গিরা। ওই নৃশংস ঘটনার কথা ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়েছিল গোটা দেশ। হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন দেশবাসী। রাজনৈতিক মতাদর্শ ভুলে কেন্দ্রের শাসক শিবিরের পাশে এসে দাঁড়িয়েছে বিরোধী শিবিরে থাকা দলের নেতারাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা আশ্বাস দিয়েছেন হামলাকারীদের উপযুক্ত ও কল্পনাতীত শাস্তি দেওয়া হবে।
গোয়েন্দা সংস্থার আগাম সতর্কতা সত্বেও কেন জম্মু-কাশ্মীর পুলিশ পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তায় উপযুক্ত ব্যবস্থা নিল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান নলিন প্রভাতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। দুই দেশই একে আন্যের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রতিরক্ষা বিসেষজ্ঞরাও মনে করছেন, যে কোনও সময়েই যুদ্ধ শুরু হতে পারে দুই দেশের মধ্যে।