নিজস্ব প্রতিনিধি, মালদা:মালদার গাজলে রাস্তা পারাপারের সময় ইলেক্ট্রিক পোলের গায়ে লেগে থাকা ইলেক্ট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট(Electrocuted) হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার(Gajol P.S.) বিধানপল্লী এলাকায়। জানা গেছে, ওই এলাকার পাশ দিয়ে গেছে ৫১২নং জাতীয় সড়ক। সেই জাতীয় সড়কের ডিভাইডারের উপর রয়েছে ইলেক্টিক পোল। সেই পোলের গায়ে ঝুলে রয়েছে ইলেক্টিক তার। এদিন রাস্তা পারাপারের সময় সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিধানপল্লী(Bidhanpally) এলাকার কানন কুন্ডু নামে এক প্রৌঢ়ার মৃত্যু হয় বলে খবর।
যার প্রতিবাদে এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা ওই স্থানে ইলেক্ট্রিক তার আরও নিরাপদ স্থানে রাখা সহ ট্রাফিক ব্যবস্থার দাবিতে সরব হন। যদিও শেষমেশ গাজোল থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে। কিন্তু ওই এলাকায় প্রশাসন যদি কোন উদ্যোগ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে স্থানীয় মানুষজন হুমকি দিয়েছেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই দুর্ঘটনার পর গজলের বিভিন্ন এলাকায় ইলেকট্রিক তার গুলি রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করার দাবি তুলেছেন এলাকার মানুষজন। কারণ ঝড় – বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যাতে এই ধরনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর কোন মৃত্যুর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনকে সতর্ক হওয়ার আবেদন জানিয়েছেন জনসাধারণ।