নিজস্ব প্রতিনিধি: হাইকোর্ট চত্বরে বৃহস্পতিবার ছড়াল প্রবল আতঙ্ক। কলকাতা উচ্চ আদালতের পাশের ভবনে লাগল আগুন। এদিন দুপুরে আদালতের একেবারে পার্শ্ববর্তী ভবন টেম্পল চেম্বার বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটে। এদিকে এখানেই রয়েছে বিকাশ ভট্টাচার্য-সহ একাধিক আইনজীবীর চেম্বার।
এ দিন টেম্পল চেম্বার ভবনের দরজার সামনে আগুন লাগে। ফলে জনমানসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ভবনের চারপাশে রয়েছে প্রচুর সংখ্যক খাবারের দোকান। সামনের দিকে প্রচুর গাড়ি।আর তার মধ্যে রাস্তাও তো জনবহুল। ফলে আগুন লেগেছে এই খবর ও আতঙ্ক ছড়াতে সময় লাগেনি। মুহূর্তের মধ্যে পড়ে যায় হইচই।
এই ভবনে দুটি লিফ্ট রয়েছে। একটি পুরোনো লিফ্ট। এদিন সেই লিফ্টের সামনেই আগুন লাগে। শর্ট সার্কিট থেকে এই আগুন বলে অনুমান। টেম্পল চেম্বার ভবনের তিনতলায় আইনজীবী বিকাশ ভট্টাচার্যের চেম্বার। তিনি ছাড়াও বহু আইনজীবী বসেন সেখানে। ফলে কাগজ পত্র ফাইলের কোনও অন্ত নেই। তাই আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে ভুগতে থাকেন সবাই। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। আধিকারিকরা বিদ্যুৎসংযোগ বন্ধ করে আগুন নেভানোর চেষ্টা করেন।
কিছুদিন আগে বেলেঘাটার সেলস ট্যাক্স অফিস এলাকায় বরফকলের কাছে এক দোকানে আগুন লাগে। পরবর্তী সময়ে সেই আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ায় এলাকায় আরও আতঙ্ক বাড়ে। সাধারণ মানুষ এবং পথচলতি মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় শিয়ালদহমুখী রাস্তার যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন। তারাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।