নিজস্ব প্রতিনিধি: দাদুর বাড়ি বেড়াতে এসেছিল শিশুটি। আনন্দ নিয়ে যেখানে আসা সেখান থেকে আচমকা নিখোঁজ হল তিন বছরের এক শিশু। ভিক্ষুক সেজে এসে দুধের শিশুটিকে চুরি করে নিয়ে যায় যাওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের শেরশাহী এলাকায়। নিখোঁজ শিশুর নাম আফান শেখ, বয়স ৩ বছর। আচমকা সন্তান নিখোঁজ হওয়ায় বাবা-মা পড়েছেন অকূল পাথারে।
সোমবার ছিল খুশির ঈদ। পবিত্র ঈদে আনন্দ করতে শেরশাহিতে মায়ের সঙ্গে দাদুর বাড়িতে এসেছিল আফান। পরিকল্পনা ছিল কয়েকদিন থেকে তারপর আবার বাড়ি ফিরবে। এর মধ্যেই শুক্রবার চারজন মহিলা এলাকায় ভিক্ষা করতে আসে। তারপর থেকেই উধাও শিশুটি। আশ্চর্যজনকভাবে, ওই চার মহিলাকেও আর দেখা যায়নি।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সেই অচেনা অজানা ভিক্ষুক মহিলারাই বাচ্চা চুরি করে নিয়ে যায়। তাদের দলে ছিল চার জন প্রাপ্তবয়স্ক মহিলা এবং দুটি শিশু। মহিলারা যে কোথা থেকে এসেছিল তা এখনও জানা যায়নি। অভিযোগ, রাস্তায় খেলতে থাকা তিন বছরের আফানকে সঙ্গে করে নিয়ে গিয়েছে তারা।
বুধবার পাঁচ দিন হয়ে গেলেও কোন খোঁজ মেলেনি শিশুটির। কালিয়াচক থানায় লিখিত নিখোঁজ অভিযোগ জানিয়েছেন শিশুর পরিবারের লোকজন। কোলের ছেলে ফিরছে না দেখে বারবার জ্ঞান হারাচ্ছেন মা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। শিশুটির বাবা আবু হায়াত বারবার সকলকে অনুরোধ করছেন বাচ্চাটিকে খুঁজে দেওয়ার জন্য।
পাড়া প্রতিবেশীরাও ভাবতে পারছেন না ছোট্ট আফানের সঙ্গে কীভাবে এমনটা ঘটল। এলাকায় একইসঙ্গে নেমেছে আতঙ্ক ও শোকের ছায়া। এলাকার সিসিটিভি ফুটেজ ও পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ ।