নিজস্ব প্রতিনিধি: শিরোনামে উত্তরপ্রদেশ। যোগীরাজ্যের বান্দা জেলায় চাকরি দেওয়ার অজুহাতে তিন যুবকের বিরুদ্ধে উঠল ধর্ষণে অভিযোগ। পাশাপাশি অভিযুক্তরা আপত্তিকর ভিডিও তৈরি করে তিন যুবতীকে ব্ল্যাকমেইল করে ছয় মাস ধরে তাঁদের উপর শারীরিক নির্যাতন চালায়। নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
নগর কোতোয়ালি এলাকার বাসিন্দা ওই তিন যুবতী পুলিশকে জানিয়েছে যে, তিন যুবক চাকরি দেওয়ার অজুহাতে তাঁদের ডেকে নিয়ে যেত। তারপর মদ্যপান ও ধূমপান করতে বাধ্য করত। পাশাপাশি নির্যাতিতাদের অশ্লীল ভিডিও তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দিত। সেই ভয়েই প্রতিবাদ করতে পারেননি ওই তিন যুবতী।
নির্যাতিতারা জানিয়েছেন যে, ছয় মাস ধরে ক্রমাগত হুমকি ও ধর্ষণের মতো অত্যাচার সহ্য করার পর তাঁদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় এবং যুবতীরা সাহস সঞ্চয় করে পুলিশের কাছে ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যুবতীদের বক্তব্য তাঁরাই প্রথম নয়, চাকরতির প্রলোভন দেখিয়ে আরও বহু মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেছে যুবকেরা। কিন্তু তাঁদেরও আপত্তিকর ভিডিও তৈরি করা হয়েছে বলে সকলে মুখ বুজে রয়েছে।
এই ঘটনার বিষয়ে এসপি অঙ্কুর আগরওয়াল বলেন, মামলার গুরুত্ব বিবেচনা করে এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং ভুক্তভোগীদের মেডিকেল পরীক্ষাও করা হচ্ছে। পুলিশ পেনড্রাইভে কিছু আপত্তিকর ভিডিওও পেয়েছে, যা তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা এই প্রথম নয়। বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে ধর্ষণে উত্তরপ্রদেশ প্রথম থেকে তৃতীয় স্থানের মধ্যেই থাকে। বিবিধ আইন এনেও ধর্ষণের মতো সংক্রামক রোগকে ঠেকানো যাচ্ছে না, এ সত্যিই অত্যন্ত চিন্তার বিষয়।