নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল সুপ্রিম নির্দেশে ‘ভূতুড়ে ভোটার’ খুঁজতে এবার পথে নামলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। ভুয়ো ভোটারের খোঁজে দিনহাটা বিধানসভা এলাকায় চষে বেড়িয়েছেন তিনি । সেইসঙ্গে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বামনহাটের লাউচাপড়া গ্রামে চালান অভিযান । প্রতিটি জায়গায় গিয়ে ভোটারদের এপিক নম্বর যাচাই করে দেখেন উদয়ন গুহ ।
মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার সমীর সরকার। উন্নয়নমন্ত্রীর সঙ্গীরা ভোটারদের তথ্য অনলাইনে যাচাই করে দেখেন। আর সেইসময় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন উদয়ন গুহ । বলা যায় , দিনহাটা জুড়ে চলে আমজনতার সমস্যার কথা জানার পাশাপাশি ভোটের কার্ড যাচাইয়ের কাজ। আর তৃণমূল বিধায়কের এই অভিযান চলাকালীন সময় ভোটের কার্ড হাতে নিয়ে মন্ত্রীর সামনে এসে হাজির হন মহিলারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের বিশেষ সম্মেলন থেকে তৃণমূল সুপ্রিম নির্দেশ দেন যুদ্ধকালীন তৎপরতায় ভোটার তালিকায় থাকা ‘ভূতুড়ে ভোটারদের’ চিহ্নিত করতে হবে। তারপরেই ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের খুঁজে বার করার জন্য পথে নেমেছেন তৃণমূল কর্মীরা । শনিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনি করতে দেখা গিয়েছে মেয়রকে । আর এবার সেই চিত্র দেখা গেল দিনহাটায় ।