নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেজস যুদ্ধবিমান। অথচ সেই যুদ্ধবিমান সরবরাহে দেরি হওয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনেটিকস লিমিটেডের উপরে হাড়েহাড়ে চটেছেন বায়ুসেনা প্রধান এপি সিংহ। সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে যাতে বায়ুসেনাকে বলতে শোনা গিয়েছে, ‘হ্যালের উপরে আমার ভরসা নেই। তেজস যুদ্ধবিমান আমাদের কাছে কতটা জরুরি, তা বোঝার সক্ষমতা আপনাদের (হ্যালের আধিকারিকদের) নেই।’ বায়ুসেনা প্রধানের তোপের মুখে পড়ে হ্যালের আধিকারিকরা শুধু মাথা নেড়েছেন। পরে হ্যালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে তেজস যুদ্ধবিমান সরবরাহে দেরি করা হচ্ছে না। কিন্তু যান্ত্রিক কারণে বিলম্ব হচ্ছে। ওই সমস্যার সমাধান করে দ্রুত যুদ্ধবিমান সরবরাহ করা হবে।
ভারতীয় বায়ুসেনাকে শক্তিশালী করতে তেজস যুদ্ধবিমানের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। আর ওই যুদ্ধবিমান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে হিন্দুস্থান অ্যারোনেটিকস লিমিটেডকে (হ্যাল)। চলতি মাসেই ওই যুদ্ধবিমান সরবরাহ করার কথা ছিল। কিন্তু আদৌ চলতি মাসে ওই যুদ্ধবিমান বায়ুসেনার হাতে পৌঁছবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আর হ্যালের ওই গয়ংগচ্ছ মনোভাবেই চটেছেন বায়ুসেনা প্রধান এপি সিংহ।
সম্প্রতি অ্যারো ইন্ডিয়ার এক প্রদর্শনীতে হাজির ছিলেন তিনি। ওই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন হ্যালের শীর্ষ আধিকারিকরা। আর তাদের দেখেই খানিকটা বিরক্ত হন বাযুসেনা প্রধান। ভাইরাল হওয়া ভিডিও’তে এয়ার মার্শাল এপি সিংহকে বলতে শোনা যাচ্ছে, ‘আপনাদের শুধু এটাই বলতে পারি তেজস যুদ্ধবিমান আমাদের কাছে কতটা জরুরি এবং প্রয়োজনীয়। আপনাদের আমাদের ভরসা জোগাতে হবে। এই মুহুর্তে হ্যালের উপরে আমার কোনও ভরসা নেই। সবাই বলছেন, তেজস যুদ্ধবিমান পেয়ে যাব। কিন্তু কবে পাব? হ্যাল আমাদের নিজস্ব সংস্থা। আমিও এক সময়ে এই সংস্থায় দায়িত্ব পালন করেছি। আমাকে বলা হয়েছিল, আমি যখন এখানে ফেব্রুয়ারি মাসে আসব, তখন তেজস দেখতে পাব। কিন্তু সেই প্রতিশ্রুতি কোথায় গেল?’