নিজস্ব প্রতিনিধিঃ নারকেলডাঙায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল একজনের । রবিবার সকালে ঝুপড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম হাবিবুল্লা মোল্লা । তাঁর বয়স ৫৫। শনিবার রাতে যখন আগুন লাগে তিনি তখন ঘরেই মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন । তাই সেইসময় তাঁকে ঘর থেকে বের করে আনা যায়নি । আর এই প্রাণহানির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমেছে শোকের ছায়া ।
শনিবার রাতে বিধ্বংসী আগুন লাগে নারকেলডাঙার বস্তিতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১৬ টি ইঞ্জিন । আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ । তবে রাত পেরিয়ে সকাল হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনও রয়েছে পকেট ফায়ার।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে কমপক্ষে ৩০ টি ঝুপড়ি। বাসিন্দাদের জামাকাপড়, টাকাপয়সা, গয়না- সবই চলে গিয়েছে আগুনের গ্রাসে। সর্বস্ব হারিয়ে দিশাহারা ক্ষতিগ্রস্তরা। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘এখানে অন্তত ২০০টি ঘর ছিল। প্রায় ৫০ টা পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা এখন কোথায় যাব?’ তবে কী করে নারকেলডাঙায় আগুন লাগল তা এখন জানা যায়নি । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।