নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় একের পর এক প্রকল্পে রয়েছে কেন্দ্রীয় বঞ্চনা। তা সত্ত্বেও কাজ করে চলেছে তৃণমূল কংগ্রেস সরকার। এই আবহে এবার রাজ্যের সড়ক ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ নজর দিচ্ছে নবান্ন । জানা গিয়েছে, প্রায় ৩৫২৭ কোটি টাকা খরচ করে আগামী দুইমাসের মধ্যে শুরু হতে চলেছে এক হাজার কিলোমিটার রাস্তা সংস্কার বা সম্প্রসারণের কাজ । প্রায় ১১৯টি প্রকল্পের মাধ্যমে করা হবে এই কাজ ।
জানা গিয়েছে, প্রতিটি প্রকল্প ধরে ধরে কাজের সময়সীমা বেঁধে দিয়েছে পূর্ত দফতর । সেইসঙ্গে করা হবে কাজের অগ্রগতির মূল্যায়নও । বর্তমানে কোন প্রকল্পের কাজ ৯৯ শতাংশ, আবার কোনওটির ক্ষেত্রে ৭৫ শতাংশ হয়েছে। সেগুলি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে পূর্ত দফতর ।
কোন কোন রাস্তা সম্প্রসারণ করা হবে ?
আগামী মার্চ মাসের মধ্যে রাস্তা সম্প্রসারণ করা হবে- হুগলির মশাট-ধিতপুর রোড, উত্তর ২৪ পরগনার মুড়াগাছা থেকে কাঁপা মোড় পর্যন্ত কল্যানী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ, আলিপুরদুয়ারের কালচিনি-পাইটকাপাড়া রোড , হাওড়ার সালকিয়া চণ্ডীতলা রোড, নদীয়ার তারাপুর-বোলাগরঘাট রোড, পূর্ব মেদিনীপুরের কাঁথি-খেঁজুরি রোডের সম্প্রসারণ, বীরভূমের আহমেদপুর কীর্ণাহার-রামজীবনপুর রোড, ঝাড়গ্রামের কুলটিকরি রোহিনী রোগরা রোড, মালদহের বামনগোলা-হবিবপুর রোড সহ দার্জিলিংয়ের একাধিক রাস্তা । এছাড়াও মেরামত বা তৈরি করা হবে প্রায় ১৪ টি সেতু। ইতিমধ্যেই পূর্ত দফতরের তরফে এই বিষয় নিয়ে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে । একথায় বলা যায়, কেন্দ্র টাকা না দিলেও নিজেদের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে সংস্কারের কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ।